শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আবাহনী বনাম ভিক্টোরিয়া ম্যাচ চলাকালীন তাসকিন আহমেদের বাউন্সারে আঘাত পেয়ে লুটিয়ে পড়েন অলরাউন্ডার সোহরাওয়ার্দী শুভ। আবাহানীর হয়ে খেলা তাসকিন এ ঘটনায় ভীষণ মর্মাহত। শুভর জন্য সবার কাছে দোয়া চাইলেন তিনি।
তাসকিন তার অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘আবাহনী বনাম ভিক্টোরিয়া ম্যাচে তাসকিনের বাউন্সারে মাথায় আঘাত পেয়ে গুরুতর অসুস্থ সোহরাওয়ার্দী শুভ। হাসপাতালে নেওয়া হয়েছে। সবাই দোয়া করবেন যাতে বড় কোনও প্রবলেম না হয়।’
শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ভিক্টোরিয়ার বিপর্যয়ে সময় মাঠে নেমে ভালোই ব্যাট করছিলেন শুভ। ম্যাচের ২৫তম ওভারে ঘটে এই দুর্ঘটনা।
তাসকিনের একটি শর্ট বল না খেলে ছেড়ে দিয়েছিলেন শুভ। কিন্তু বলটি আসে অনেকটা নিচু হয়ে। বলে চোখ রেখে শুভও চেষ্টা করেছিলেন যতটা সম্ভব নিচু হতে। তবুও দুর্ঘটনা পারেননি এড়াতে তিনি। বল আঘাত করে হেলমেটের ঠিক নিচে তার ঘাড়ের ডানপাশে। সঙ্গে সঙ্গে পড়ে যান শুভ। ছুটে যান ফিজিও। সেখানে কিছুক্ষণ দেখার পর স্ট্রেচারে করে মাঠের বাইরে আনা হয় শুভকে।
এরপর দ্রুত তাকে অ্যাপলো হাসপাতালে নেওয়া হয়। সেখানে সিটি স্ক্যান ও এমআরআই করা হয় শুভর। রিপোর্টে নেতিবাচক কিছু ধার পড়েনি বলে জানান বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
তিনি বলেন, ‘তাৎক্ষণিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করার পর তার অবস্থা আমরা ভালোই পাই। আমাদের ডাক্তার আমিন ওর (শুভ) সঙ্গে আছেন। আমি জেনেছি শুভ'র সিটি স্ক্যান এবং এমআরআইতে কোনও নিউরোলজিক্যাল সমস্যা ধরা পড়েনি। তবে ঘাড়ে একটু সমস্যা আছে, এ মুহূর্তে নিউরোলজিস্ট তাকে দেখছেন। আর কিছুক্ষণ পর সম্পূর্ণ ফল জানতে পারবো। তবে এ মুহূর্তে বড় কোনও সমস্যা নেই।’
তিনি আরও যোগ করেন, ‘আশংকা করা হচ্ছে ঘাড়ের সেকেন্ড সারভাইকাল ভার্টিকাতে ছোট একটা চিড় ধরা পড়েছে। তবে কতটা গুরুতর তা এখনও নিশ্চিত নয়। এ ব্যপারে নিউরোলিজিস্ট এখনও কিছু বলেনি। শুভ আগামী ২৪ ঘণ্টা নিবিঢ় পর্যবেক্ষণে থাকবে।'
ভিক্টেরিয়ার চেয়ারম্যান নেছারউদ্দিন কাজল বলেন, ‘শুভ শঙ্কামুক্ত। কিছুক্ষণ আগেও কথা বলছে। আশা করি কিছু হবে না। হয়তো আজকের দিনটা হাসপাতালে থাকতে হবে।’
/এমআর/








