রেড বুল ক্যাম্পাস ক্রিকেট ওয়ার্ল্ড ফাইনালসে জয় পেয়েছে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করা ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।
সোমবার শ্রীলঙ্কার সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনিকে ১০ উইকেটে হারিয়েছে তারা।
এদিন টস জিতে ফিল্ডিং নেয় ইউল্যাব। যেখানে ইউনিভার্সিটি অব সিডনিকে ১৮.১ ওভারে ৭৪ রানে গুটিয়ে দেয়।তারা। ইউল্যাবের পক্ষে দুটি করে উইকেট নেন আনজুম আহমেদ, মোহাম্মদ ইসলাম, আরিফুর রহমান ও মাহবুবুর রহমান।
জবাবে খেলতে নেমে ৬.৪ ওভারে কোনও উইকেট না হারিয়েই জয় তুলে নেয় ইউল্যাব। ২৬ বলে ৫২ রান করে ম্যাচসেরা হন দলটির অধিনায়ক হাসানুজ্জামান।
এ বছর প্রাইভেট ইউনিভার্সিটি টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ায় ক্যাম্পাসভিত্তিক এই টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ পায় ইউল্যাব। ২০১২ সালেও এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে অংশগ্রহণ করেছিল তারা। যেখানে ৮টি ক্রিকেট খেলুড়ে দেশ অংশ নিয়েছে। এ নিয়ে তৃতীয়বার টুর্নামেন্টে অংশ নিলো ইউল্যাব।
/এফআইআর/








