ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজকে নিয়ে বন্দনা চলছেই। সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও এর থেকে বাদ যাবেন কেনও? বৃহস্পতিবার অনুশীলন শেষে তাইতো মিরাজ বন্দনায় তিনিও মশগুল হলেন।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলন শুরু হয়। চলেছে সকাল ১১টা পর্যন্ত। এর মধ্যেই অনুশীলনে হাজির হন রাজশাহী কিংসের খেলোয়াড়রা। মেহেদী হাসান মিরাজ একাডেমিতে ঢুকতেই তাকে মমতা দিয়ে জড়িয়ে ধরলেন কুমিল্লার অধিনায়ক মাশরাফি। শুক্রবার মিরাজের দল রাজশাহীর বিপক্ষে বিপিএল চতুর্থ আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা। যেখানে প্রতিপক্ষ খেলোয়াড়দের নিয়ে ছক আঁকার কথা মাশরাফির। সেটা না করে গুণকীর্তনে ব্যস্ত হলেন মাশরাফি!
মিরাজকে এক কথায় ভেরি এক্সাইটিং খেলোয়াড় হিসেবে মত দিলেন বিপিএল-এ তিনবারের চ্যাম্পিয়ন মাশরাফি। তার কথাতে উঠে এসেছে-মিরাজ কতটা পরিশ্রমী খেলোয়াড়, ‘ভেরি এক্সাইটিং ক্রিকেটার। সে খু্বই পরিশ্রমী। এটা আমি শুনিনি, নিজের চোখেই দেখেছি। অনূর্ধ্ব ১৯ থেকেই ওকে দেখছি। একই মাঠে অনুশীলন করেছি, খুবই কঠোর পরিশ্রম করে। আশা করবো সে নিয়মিতভাবে এটা করবে। কারণ আন্তর্জাতিক ক্রিকেটে নতুন আসলে অনেক সময় অনেক কিছু সহজ হয়ে যায়। কারণ বিশ্লেষণ করার সুযোগ থাকে না। কিন্তু ভবিষ্যতে পারফরম্যান্স ঠিক রাখতে হলে অবশ্যই নিজের খেলার উন্নতি ঘটাতে হবে। একটা কথা আছে, এক-দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে কাউন্ট করতে হয়।,
তিনি আরও যোগ করেন, ‘কারণ পারফরম্যান্স লেভেলটা শুরুতে যেমন থাকে অন্যান্য দল এত বেশি বিশ্লষন করে, তখন পারফম্যান্স নিচের দিকে নামা শুরু করে। আমি খুব ইতিবাচক তার ব্যাপারে। কেননা সে খুব পরিশ্রমী। তার ভেতর শেখার আগ্রহ রয়েছে।’
বোলার মিরাজকে নিয়ে সবার আলোচনা থাকলেও মাশরাফির কথায় উঠে এলো তার ব্যাটিংয়ের দিকটাও, ‘তার ব্যাটিংটা নিয়ে আলোচনা না হলেও মিরাজ খুব ভালো একজন ব্যাটসম্যান। হয়তো ইংল্যান্ড সিরিজে সে এটা করতে পারেনি। আমি নিশ্চিত এটা ওকে আর ক্ষুধার্ত করবে। আমি দোয়া করি এবং প্রত্যাশা করি সে অনেক দূর যাবে।’
মাশরাফির আশা মিরাজের হাত ধরে বাংলাদেশের ক্রিকেট আরও বদলে যাবে, ‘বাংলাদেশ দলে এসে খেলে হারিয়ে যাওয়া এবং ১০ বছর সার্ভিস দেওয়া দুটি ভিন্ন জিনিস। মিরাজ যদি বাংলাদেশ দলকে ১০ বছর সার্ভিস দিতে পারে। তাহলে ১০ বছর খেললে ও(মিরাজ) নতুন অনেক কিছু শিখবে, অনেক কিছু করবে। এই ১০ বছর যদি মিরাজ বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিতে পারে তাহলে দ্রুতই বাংলাদেশের ক্রিকেট বদলে যাবে।’
ছবি : লাবিব হাসান এলিস
/আরআই/








