সম্প্রতি একটি বিজ্ঞাপন নিয়ে বেশ সমালোচিত হয়েছেন সাব্বির রহমান। এই অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করতে বাধ্য করেছে সাব্বিরকে। শুধু তা-ই নয়, বিজ্ঞাপনটি প্রচার বন্ধ করতেও পদক্ষেপ নিয়েছে বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। এই কারণে সোমবার ১৫তম বোর্ড সভাতে ক্রিকেটারদের জন্য বাণিজ্যিক চুক্তির নীতিমালা করেছে বিসিবি।
সোমবার এ প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘খেলোয়াড়দের বাণিজ্যিক চুক্তির জন্য আমরা একটা পলিসি তৈরি করছি। এটা তাদের বিরুদ্ধে যাওয়ার জন্য না। এটা আরও নিয়মতান্ত্রিকভাবে, আরও শৃঙ্খলার মাধ্যমে বিষয়টা নিয়ন্ত্রণ করার জন্য আমরা একটা পলিসি তৈরি করবো। আগামী বোর্ড সভায় উপস্থাপন করা হবে এটি। তারপর দেখে সিদ্ধান্ত।’
সোমবারের বোর্ড সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বিসিবির পরিচালকরা। যেখানে উল্লেখযোগ্য হচ্ছে, ক্রিকেটারদের বাণিজ্যিক চুক্তির জন্য নীতিমালা। ২০১৭ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এজিএম করার সিদ্ধান্ত, হকি ফেডারেশনকে ১ কোটি টাকা, সুইমিং ফেডারেশনকেও আর্থিক সাহায্য, ব্যক্তিগতভাবে কয়েকজন সাংবাদিককে অর্থ সাহায্য ছাড়াও আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের ফরম্যাট চূড়ান্ত করেছে বিসিবি।
/আরআই/কেআর/








