সাজানো গোছানো পারফরম্যান্সের প্রদর্শণ করে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১৭ রানে হারিয়ে এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনাল জিতল ভারতের মেয়েরা।
লিগ পর্বে পাঁচ ম্যাচের সবগুলো জিতে পুরো ১০ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠেছিল ভারত। শিরোপা নির্ধারণী ম্যাচেও তারা অনবদ্য। টানা ষষ্ঠ এশিয়া কাপ জয়ের পথে ১২২ রানের টার্গেট দিয়ে পাকিস্তানকে ৬ উইকেটে ১০৪ রানে বেধে দেয় ভারতীয় মেয়েরা। ২০১২ সালে আগের আসরেও একই দলকে ফাইনালে হারিয়েছিল ভারত।
মেয়েদের এশিয়া কাপের ষষ্ঠ আসরের ফাইনালে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান করেন অধিনায়ক বিসমাহ মারুফ (২৬ বলে ২৫ রান)। বল হাতে ভারত ঐক্যবদ্ধ পারফরম্যান্স করেছে। একতা বিশত সবচেয়ে বেশি দুটি উইকেট নেন ২২ রানে। অনুজা পাতিল, ঝুলন গোস্বামী, শিখা পান্ডে ও প্রীতি বোস একটি করে উইকেট পান।
ভারতের ৫ উইকেটে ১২১ রানের ইনিংসে সবচেয়ে বেশি রান সিনিয়র খেলোয়াড় মিথালি রাজের, ক্যারিয়ারের দশম টি-টোয়েন্টি ফিফটি হাঁকিয়ে অপরাজিত ছিলেন তিনি। তার ৬৫ বলে ৭৩ রানের ইনিংসটি সাজানো ৭ চার ও ১ ছয়ে।
এই টুর্নামেন্টে বাংলাদেশ শুধুমাত্র থাইল্যান্ড ও নেপালের বিপক্ষে জয় পায়।
/এফএইচএম/







