উত্তরাঞ্চলের ৫০২ রানের জবাবে প্রথম ইনিংসে দ্বিতীয় দিন শক্ত লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিল মধ্যাঞ্চল। কিন্তু তৃতীয় দিন বিধ্বস্ত তাদের ব্যাটসম্যানরা। সোমবার এক দিনেই ১৭ উইকেট হারিয়ে বিস্ময়কর হার মানল মধ্যাঞ্চল। কৃতিত্ব কিন্তু উত্তরাঞ্চলের স্পিনার সানজামুল ইসলামের। দুই ইনিংসে তিনি নেন ১২ উইকেট, যার মধ্যে ৯টিই শিকার করেছেন দ্বিতীয় ইনিংসে।
প্রথম ইনিংসে মধ্যাঞ্চল ২৩৩ রানে গুটিয়ে যায়, ফলোঅনে নেমে ২১৯ রানে অলআউট হয় দ্বিতীয় ইনিংসে। ইনিংস ও ৫০ রানে দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ে বাংলাদেশ ক্রিকেট লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে উত্তরাঞ্চল।
৩ উইকেটে ১২০ রানে তৃতীয় দিনের খেলা শুরু করে মধ্যাঞ্চল। ফরহাদ রেজার বোলিং তোপের সঙ্গে সানজামুলের ঘূর্ণিতে পর্যদুস্ত হয় তারা। সাইফ হাসান সর্বোচ্চ ৯৩ রান করে আউট হন। শেষ ৬ উইকেট মধ্যাঞ্চল হারায় ৪৪ রানের ব্যবধানে।
অবশ্য প্রথম ইনিংসে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন ফরহাদ। তিনটি নেন সানজামুল। এ বাঁহাতি স্পিনার দ্বিতীয় ইনিংসে কোনও সতীর্থ বোলারকে উইকেট নেওয়ার সুযোগ দেননি। ১০ উইকেটের একটি রান আউট, বাকি সব দখলে নিয়েছেন সানজামুল।
ছয় নম্বর ব্যাটসম্যান নুরুল হাসান সেঞ্চুরি করে শেষ পর্যন্ত ম্যাচ বাঁচানোর চেষ্টা করেছেন। অন্তত ইনিংস ব্যবধানে হার এড়ানোর আশা জাগিয়েছিলেন তিনি। কিন্তু শেষ ব্যাটসম্যান হিসেবে সানজামুলের কাছে এলডব্লিউ হন নুরুল; ১১১ বলে ১৩ চার ও ৩ ছয়ে সর্বোচ্চ ১১৩ রান করেন তিনি।
সানজামুল দ্বিতীয় ইনিংসে ২৯.৪ ওভারে ১০ মেডেনসহ ৮৫ রান দিয়ে নেন ৯ উইকেট। দুই ইনিংসে ১২ উইকেট নিয়ে ম্যাচসেরাও তিনি। সূত্র- ক্রিকইনফো
/এফএইচএম/








