গ্যালারিতে দর্শকদের করতালির মধ্য দিয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম সেঞ্চুরি উদযাপন করলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ব্যাট হাতে যখনই নামেন ২২ গজে বইয়ে দেন রানের বন্যা। গত কয়েক বছর ধরে এটাই নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিরাট কোহলির নামের পাশে তিন অঙ্কের ম্যাজিকেল ফিগার এখন নিয়মিত ঘটনাই!
হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামের ২২ গজে এর ব্যত্যয় হয়নি। এদিন বাংলাদেশের বোলারদের বিশেষ করে পেসারদের বিপক্ষে রাজত্ব কায়েম করেছেন বিরাট। রাজার মতোই খেলেছেন হায়দরবাদের সবুজ গালিচায়। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে মাঠ ছাড়েন ভারতের এই অধিনায়ক।
১১১ রানে অপরাজিত থেকে যখন মাঠ ছাড়ছিলেন, পুরো গ্যালারি তখনো মাতোয়ারা কোহলি-কোহলি ধ্বনিতে। তখন কোহলি ব্যাট উঁচিয়ে অভিবাদন গ্রহণ করলেন।
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নামার আগে ৬টি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষেই সেঞ্চুরি ছিল বিরাটের। বাংলাদেশের বিপক্ষে খেলে সেই সংখ্যা নিয়ে গেলেন সাতে। অপরাজিত ১১১ রানের ইনিংস খেলেন তিনি। এই সেঞ্চুরির মাধ্যমে পাকিস্তান ও জিম্বাবুয়ে বাদে সব টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সেঞ্চুরি করার কোটা পূরণ হল কোহলির। ১৩১ বলে ১০ চারে অসাধারণ সব শটে কোহলি তার ইনিংসটি সাজান।
চেতশ্বর পূজারা আউট হলে তৃতীয় উইকেটে মুরালি বিজয়ের সঙ্গে তৃতীয় উইকেটে ৫৪ রানের জুটি গড়েন। বিজয় ফিরে গেলে চতুর্থ উইকেটে আজিঙ্কা রাহানের সঙ্গে অপরাজিত ১২২ রানের জুটি নিয়ে দিন শেষ করেন। রাহানে ৪৫ রানে অপরাজিত আছেন।
পুরো সময়টাতে ঠাণ্ডা মাথায় খেলেন বিরাট। ঘরের মাঠে এমনিতেই দুর্বার বিরাট এদিন ছিলেন একদমই ব্যতিক্রম। দারুণ সব গ্রাউন্ড শট খেলে বাংলাদেশের বোলারদের ছত্রখান করে দেন।
টেস্ট খেলুড়ে দেশগুলোর বিপক্ষে কোহলির সেঞ্চুরি
দেশ | ম্যাচ | ইনিংস | রান | সর্বোচ্চ | গড় | সেঞ্চুরি |
অস্ট্রেলিয়া | ১২ | ২২ | ১২৭৬ | ১৬৯ | ৬০.৭৬ | ৬ |
বাংলাদেশ | ২ | ২ | ১২৫ | ১১১* | ১২৫.০০ | ১ |
ইংল্যান্ড | ১৪ | ২৫ | ৯৭৭ | ২৩৫ | ৪৪.৪০ | ৩ |
নিউজিল্যান্ড | ৭ | ১৩ | ৭৩৫ | ২১১ | ৬৬.৮১ | ৩ |
দক্ষিণ আফ্রিকা | ৬ | ১০ | ৪৭২ | ১১৯ | ৪৭.২০ | ১ |
শ্রীলঙ্কা | ৩ | ৬ | ২৩৩ | ১০৩ | ৩৮.৮৩ | ১ |
ওয়েস্ট ইন্ডিজ | ১০ | ১৩ | ৫০২ | ২০০ | ৩৮.৬১ | ১ |
/আরআই/এফআইআর/







