মাশরাফি মুর্তজা আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছেন জয় দিয়ে। শ্রীলঙ্কা সফরে শেষ ম্যাচে ৪৫ রানে জিতে তাকে বিদায়ী উপহার দিয়েছেন সাকিব-মুস্তাফিজরা। ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঠিক পর একটা সুখবরও পেয়েছেন মাশরাফি। টি-টোয়েন্টির বোলিং র্যাংকিংয়ে উন্নতি হয়েছে তার।
রবিবার প্রকাশিত র্যাংকিংয়ে ‘নড়াইল এক্সপ্রেসে’র অবস্থান ৩৬তম। ৪১ নম্বর থেকে পাঁচ ধাপ এগিয়েছেন বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক।
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচেই উইকেট পেয়েছেন মাশরাফি। প্রথম ম্যাচে চার ওভারে ৩২ রান দিয়ে দুটি উইকেট পান তিনি। আর জীবনের শেষ টি-টোয়েন্টিতে নেন এক উইকেট, চার ওভার বল করে ৩০ রানের বিনিময়ে।
বর্তমানে মাশরাফির অর্জন ৫৩৪ রেটিং পয়েন্ট। তবে এটাই তার সর্বোচ্চ পয়েন্ট নয়। সর্বোচ্চ ছিল গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর, ৫৪৫ পয়েন্ট।
বাংলাদেশের জন্য আরও সুখবর, টি-টোয়েন্টির বোলিং র্যাংকিংয়ে সেরা দশে আছেন মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। মুস্তাফিজ আছেন ৬ নম্বরে, আর ৯ নম্বরে সাকিব। সূত্র- আইসিসি
/এফএইচএম/এএআর/








