হালনাগাদ ওয়ানডে র্যাংকিংয়ে রেটিং পয়েন্ট হারালেও একদিক থেকে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। ষষ্ঠ স্থানে থাকা শ্রীলঙ্কার চেয়ে ব্যবধান কমাতে পেরেছে। সম্প্রতি শ্রীলঙ্কা সফরের প্রভাব পড়েছে দুই দলের ওপরই। শ্রীলঙ্কা ৫ পয়েন্ট হারালেও সপ্তম স্থানে থাকা বাংলাদেশ হারিয়েছে মাত্র ১ পয়েন্ট। সেই হিসেবে বাংলাদেশের ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা কোনও ঝামেলা ছাড়াই উজ্জল রয়েছে। তবে সেক্ষেত্রে সেপ্টেম্বরের কাট অফ ডেটের আগে আসন্ন সিরিজগুলোতে ভালো খেলতেই হবে টাইগারদের। এমনটা মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী। তার মতে, ‘আমরা যদি সামনের ম্যাচগুলো খুব খারাপ না করি, তাহলে সেরা আটের মধ্যে থেকে সরাসরি বিশ্বকাপ খেলতে পারব।’
সামনে ত্রি-দেশীয় সিরিজ, এছাড়া পাকিস্তান সিরিজও রয়েছে বাংলাদেশের। যদিও ওই সিরিজ হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছেই। তাই আসন্ন ওই সিরিজগুলোকেই পাখির চোখ করলেন বিসিবির নির্বাহী এই কর্মকর্তা, ‘আয়ারল্যান্ড ও পাকিস্তান সিরিজ (সম্ভাব্য) নির্ধারিত আছে। ওই সিরিজের ম্যাচগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই ত্রিদেশীয় সিরিজে নিচের দিকের দল আয়ারল্যান্ড আছে। আর পাকিস্তানও আমাদের পেছনে রয়েছে। তাদের সঙ্গে ম্যাচ হারলে রেটিং পয়েন্ট অনেক কমে যাবে। সে হিসেবে এই দুটি সিরিজে ভালো করতে হবে। আর পাকিস্তানকে ২-১ দিনের মধ্যে আমাদের প্রস্তাবিত সূচি পাঠাব। যেখানে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি থাকবে। তাদের উত্তরের জন্য আমরা অপেক্ষা করবো।’
আসন্ন সিরিজ ছাড়াও পরের দল থেকে র্যাংকিংয়ে রেটিং পয়েন্টে বেশ এগিয়েই রয়েছে মাশরাফি বাহিনী। আর সেটাই আশাবাদী করে তুলছে নিজামউদ্দীন চৌধুরীকে, ‘র্যাংকিংয়ে বাংলাদেশের পরে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের ১২ পয়েন্টের মতো ব্যবধান আছে। তাই আমরা আশাবাদী।’
এছাড়া সম্প্রতি নারীদের ক্রিকেটের সদ্য বিতর্ক নিয়েও মুখ খুলেন বিসিবির এই কর্মকর্তা। নারীদের ক্রিকেটের স্পন্সরশিপ নিয়ে এভাবেই ব্যাখ্যা দিয়েছেন তিনি, ‘আসলে নারীদের ক্রিকেট নিয়ে একেকটা বোর্ডের একেক ধরনের কৌশল থাকে। আমরা যেটা করি টিম স্পন্সরশিপ যখন আমরা বিক্রি করতে যাই। তখন বান্ডেলে আমরা যাই। সেক্ষেত্রে ছেলেদের, নারীদের অনূর্ধ্ব-১৯, এ-টিমে এ ধরনের বান্ডেল থাকে। তাই নারীদের দল নিয়ে আলাদা করে করি না। নতুন স্পন্সরশিপের জন্য যেটা আছে নতুন চুক্তিতে এটা একই অবস্থাতে আছে। অবশ্য এ নিয়ে আমরা কাজ করছি, মেয়েদের ঘরোয়া প্রতিযোগিতায় স্পন্সরশিপ বাড়ানো যায় কিনা আমরা সে চেষ্টাতেই আছি।’
/এফআইআর/







