বাংলাদেশ-আয়ারল্যান্ড উদ্বোধনী ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। বুধবার ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচেও বৃষ্টি হানা দেওয়ার যথেষ্ট আশঙ্কা। আবহাওয়ার পূর্বাভাস তেমনই জানাচ্ছে।
স্থানীয় আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার ডাবলিনে সারা দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কিউইদের বিপক্ষেও বৃষ্টির দুর্ভাবনা মাথায় নিয়ে নামতে হচ্ছে টাইগারদের।
বাংলাদেশের ক্রিকেটাররা অবশ্য বৃষ্টির কথা মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছেন। মঙ্গলবার সংবাদ মাধ্যমকে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, ‘এখানে এখন পর্যন্ত আমরা যে কয়েক দিন খেলেছি বা অনুশীলন করেছি, প্রতিদিনই আবহাওয়ার বাধা পেয়েছি। এখানে আবহাওয়ার কথা আগে থেকে বলা মুশকিল। হঠাৎ জোরে বাতাস বয়ে যায় কিংবা বৃষ্টি হয়। আবার কখনও রোদ ওঠে। এমন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েই আমাদের খেলতে হবে।’
টুর্নামেন্টের বাকি তিন ম্যাচে ভালো খেলার প্রত্যয় জানিয়ে মাশরাফির মন্তব্য, ‘ত্রিদেশীয় সিরিজে আমাদের এখনও তিনটা ম্যাচ বাকি। আমরা মানসিকভাবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। দলের সবাই বৃষ্টির কথা মাথায় রেখেই প্রস্তুতি নিয়েছে।’
আইরিশদের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ৩১.১ ওভারে ৪ উইকেটে ১৫৭ রান করার পর বৃষ্টি নামে। এরপর আর খেলা হতে পারে নি।
/আরআই/এএআর/








