ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অবশেষে জয়ের দেখা পেয়েছে ভিক্টোরিয়া। বুধবার তারা ২ উইকেটে হারিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে। তবে জিতলেও ভিক্টোরিয়া সম্ভবত অবনমন ঠেকাতে পারছে না। ১০ ম্যাচ খেলে ঐতিহ্যবাহী ক্লাবটির সংগ্রহ মাত্র ২ পয়েন্ট।
বুধবার বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৯৮ রান সংগ্রহ করে পারটেক্স। মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত ইরফান শুক্কুরের ৯৫ রানের ইনিংসে ছিল ৬টি চার ও একটি ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ৭৫ রান এসেছে সাজ্জাদুল হকের ব্যাট থেকে।
ভিক্টোরিয়ারে পক্ষে মাহবুবুল আলম চারটি এবং মনির হোসেন নিয়েছেন তিনটি উইকেট।
জবাবে দলীয় ৪ রানে নাসিরউদ্দিনকে হারালেও দ্বিতীয় উইকেটে অরুণ কার্তিক ও রুবেল মিয়ার ১৪৪ রানের জুটি জয়ের ভিত গড়ে দেয় ভিক্টোরিয়ার। কার্তিক ৮৯ রান করে আউট হয়ে গেলেও রুবেল ৭৩ রানে অপরাজিত থেকে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। কার্তিকের ৭৬ বলের ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছক্কা। অন্যদিকে রুবেলের ৬৮ বলের হার না মানা ইনিংস সাজানো ৬টি চার ও ৩টি ছক্কায়।
পারটেক্সের পক্ষে ইমরান আলী ৪টি এবং জাকারিয়া মাসুদ নিয়েছেন ২ উইকেট।
/আরআই/এএআর/








