চ্যাম্পিয়নস ট্রফির আগে অন্যরকম এক রেকর্ডই গড়েছে ইংল্যান্ড! লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওয়ানডেতে মাত্র প্রথম ৫ ওভারে ২০ রানেই ৬ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। ওয়ানডেতে এভাবে শুরুতেই উইকেট হারায়নি আর কেউই! সেই ইংল্যান্ডই চ্যাম্পিয়নস ট্রফিতে কাল প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে। সোমবার এমন বিপর্যয়ে থাকা ম্যাচকে তাই ভুলে যেতেই চান ইংল্যান্ড কোচ ট্রেভর বেইলিস! এমনকি এরপরেও খেলার আক্রমণাত্মক ভঙ্গির কোনও পরিবর্তন করতে নারাজ ইংলিশ এই কোচ, ‘আমি কখনো দেখিনি কোনও দল গ্লোবাল কোনও টুর্নামেন্ট জিততে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছে। এটা শুধুমাত্র একটি দলকে দিয়েই সম্ভব, যারা উদ্ধত ভঙ্গিতে খেলে। তাই সেই দৃষ্টিভঙ্গী থেকে আমাদের কৌশলের কোনও পরিবর্তন হবে না।’
প্রোটিয়াদের বিপক্ষ বিপর্যয়ে পড়লেও ব্যাটসম্যানরা আক্রমণ করা থেকে নিজেদের বিরত রাখেনি। উল্টো চেপে খেলার চেষ্টাতেই ছিল ইংলিশরা। যদিও শেষ পর্যন্ত এমন কৌশলে সেদিন আর সফল হয়নি ইংল্যান্ড। তাই সেই ম্যাচের কিছু ভুল শুধরে আগের কৌশলেই এগিয়ে যেতে চান বেইলিস, ‘ত্রুটি শুধরে নিতে আমাদের আরও সতর্ক হতে হবে। এখনও ভালো কিছু করে যাওয়া সম্ভব। ভালো বল ছেড়ে দাও আর বাজে বলকে মাঠ ছাড়া করো।’
লর্ডসের সবুজ উইকেট নিয়ে হতাশা ঝরেছিল অধিনায়ক মরগানের কণ্ঠে। তবে এক্ষেত্রে কৌশলী হয়েই কথা বললেন কোচ বেইলিস, ‘লর্ডস থেকে আমাদের আরও নমনীয় হতে হবে। বিশেষ করে এই ধরনের উইকেটে ইতিবাচক মনোভাব রাখা সম্ভব। চ্যাম্পিয়নস ট্রফিতে এধরনের সবুজ উইকেট দেখতে পাবো কিনা জানি না। যদি দেখি তাহলে আমাদের আরও সতর্কতার সঙ্গে এর মোকাবিলা করতে হবে।’
/এফআইআর/







