চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেকে নিয়তিই বানিয়ে ফেলেছে বৃষ্টি। প্রতিটি ম্যাচেই ভাগ্য নির্ধারণ করে দিচ্ছে বৃষ্টি। সেই বৃষ্টি সম্ভাবনা চোখ রাঙাচ্ছে বৃহস্পতিবারের ভারত-শ্রীলঙ্কা ম্যাচেও! দুই দলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ। কারণ এ ম্যাচ জিতলেই সেমিফাইনালে নাম লেখাবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। আর লড়াইয়ে টিকে থাকতে হলে এ ম্যাচে জয় ছাড়া পথ নেই শ্রীলঙ্কার। লন্ডনের কেনিংটন ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায়।
অবশ্য আশঙ্কার বিষয় হলো বৃষ্টির কারণে গত দু’দিন কেনিংটন ওভালে অনুশীলনই করতে পারেনি কোনও দল। কখনো ঝড়ো গতি, আবার কখনো ছিল বৃষ্টি। কেনিংটন ওভালকে নিয়ে আবহাওয়া অফিসের পূর্বাভাস এই যে, বৃহস্পতিবার লন্ডনে ভারি বৃষ্টির সম্ভাবনা।
অবশ্য অনুশীলন না করতে পারলেও এই ওভালে খেলার অভিজ্ঞতা আছে ভারতের। এখানেই চ্যাম্পিয়ন্স ট্রফির দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলেছে ভারত। নিউজিল্যান্ডকে বৃষ্টি আইনে ৪৫ রানে এবং বাংলাদেশকে ২৪০ রানের বড় ব্যবধানে হারিয়ে নিজেদের প্রস্তুতি সেরে রাখে বিরাট কোহলির দল।
এই দুই জয় থেকে প্রেরণার রসদ নিয়ে মূল পর্ব শুরু করে ভারত। আর শুরুতেই চিরপ্রতিন্দ্বন্দ্বী পাকিস্তানকে উড়িয়ে দেয়। তবে সেখানেও বৃষ্টির ছায়া ছিল। বৃষ্টি আইনেই ভারতের জয় ছিল ১২৪ রানে বড় ব্যবধানে। তাই জয়ের ধারা অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচ শেষে সেমিফাইনালে উঠতে চান ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডে, ‘প্রথম ম্যাচের মতো শ্রীলঙ্কার বিপক্ষেও ভালো খেলতে চাই। আমাদের প্রধান লক্ষ্য জয়ের ধারা অব্যাহত রাখা। তাহলেই সেমিফাইনালও নিশ্চিত হবে।’
এই ওভালেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের মিশন শুরু করে শ্রীলঙ্কা। প্রোটিয়াদের ২৯৯ রানের জবাবে ২০৩ রানে গুটিয়ে ৯৬ রানে ম্যাচ হারে লঙ্কানরা। তাই সেমিতে খেলতে হলে এ ম্যাচে জয় ছাড়া অন্য কোনও পথই নেই ম্যাথুজদের সামনে।
আর এর মধ্যে ভালো-খারাপ দু’টিই আছে শ্রীলঙ্কার জন্য। ভালো খবর হলো, ইনজুরি থেকে সুস্থ হয়ে একাদশে ফিরছেন নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। আর দুঃসংবাদ হচ্ছে স্লো-ওভার রেটের কারণে দু’ম্যাচ নিষিদ্ধ হয়েছেন দলকে নেতৃত্ব দেওয়া ওপেনার উপুল থারাঙ্গা। চোটের কারণে ছিটকে গেছেন চামারা কাপুগেদেরাও!
তবে এসব নিয়ে চিন্তা না করে জয় নিয়েই বেশি ভাবছেন দলের মিডল-অর্ডার ব্যাটসম্যান আসেলা গুনারত্নে, ‘মাঠে গিয়ে আমাদের লড়াই করতে হবে। যা আছে তা নিয়েই লড়াই করতে হবে। আর আমাদের ম্যাচ জিততে হবে , নয়তো নিতে হবে বিদায়।’
/এফআইআর/








