লিওঁর বিপক্ষে ফ্রেঞ্চ লিগ ওয়ানে পেনাল্টি নিয়ে এদিনসন কাভানি ও নেইমারের বিতর্কিত ঘটনার জল অনেকদূর গড়িয়েছিল। লিগের গত ম্যাচে মঁপেইর বিপক্ষে প্যারিস সেন্ত জার্মেইর দলে ব্রাজিলিয়ানের না থাকার সঙ্গে এর সংশ্লিষ্টতা খুঁজছিল অনেকে। যদিও শোনা যাচ্ছিল চোটের কারণে খেলেননি নেইমার। পার্ক ডি প্রিন্সেসে আবার দেখা গেল তাকে চ্যাম্পিয়নস লিগ গ্রুপের দ্বিতীয় ম্যাচে। বায়ার্ন মিউনিখকে উড়িয়ে দিতে আক্রমণভাগের দুই তারকাই করেছেন গোল। উদযাপনেও তাদের মধ্যে কোনও ধরনের সংকোচ দেখা যায়নি। ম্যাচ শেষে কাভানি বলেছেন, তাদের মধ্যে ভিন্ন মতাদর্শ থাকলেও মাঠে তারা এক পরিবার।
বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের ৩-০ গোলে হারাতে দানি আলভেসের গোলের পর কাভানি ও নেইমার নাম লিখেছেন গোলদাতার খাতায়। উদযাপনে তাদের দেখে মনেই হয়নি, কয়েক সপ্তাহ আগে কোনও কিছু ঘটেছিল। দলের মধ্যে ইতিবাচক আবহ বিরাজ করছিল জানালেন কাভানি।
মিডিয়াসেট প্রিমিয়ামের কাছে উরুগুয়ান স্ট্রাইকার বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন এভাবে, ‘আমরা সবাই আলাদা। হয়তো আমাদের সবার জীবন যাপন ও চারপাশ দেখার বিষয়টা ভিন্ন। কিন্তু যখন আমরা মঠে নামি, তখন আমরা সবাই একসঙ্গে কাজ করি। আমরা একই পরিবার হয়ে খেলি যেখানে লক্ষ্য এক- দলের জয়।’ গোল ডটকম








