অধিনায়কত্বের ভারে নুয়ে পড়েননি বিরাট কোহলি, বরং একের পর এক রেকর্ড তার পায়ের তলায় লুটিয়ে পড়ছে। কলকাতায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ভারতের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির যৌথ মালিক তিনি হয়েছিলেন। রবিবার দ্বিতীয় টেস্টে সেটা এককভাবে দখল করলেন সুনীল গাভাস্কারকে পেছনে ফেলে। তাছাড়া এক বছরে সব ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ ১০ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন অধিনায়ক কোহলি। নেতৃত্বে থেকে তার আরেকটি রেকর্ড হয়েছে এদিন। তার রেকর্ডময় ইনিংসে নাগপুর টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ৪০৫ রানের লিড নেয় ভারত।
প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ২০৫ রানের জবাবে ভারত ৬ উইকেটে ৬১০ রান করে ইনিংস ঘোষণা দেয়। জবাবে তৃতীয় দিন লঙ্কানরা শেষ করেছে ১ উইকেটে ২১ রানে। এখনও তারা ৯ উইকেট হাতে রেখে ৩৮৪ রানে পিছিয়ে।
৯৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে রবিবারের খেলা শুরু করে কোহলি ও চেতেশ্বর পূজারা। দাসুন শানাকা যখন পূজারাকে ১৪৩ রানে বোল্ড করেন, ততক্ষণে অধিনায়কের সঙ্গে তার জুটি ১৮৩ রানের। এ জুটিতে কোহলি ১৩০ বলে পেয়ে যান ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরি, যেটা ভেঙেছে দুটি রেকর্ড।
আজিঙ্কা রাহানে খুব বেশি সময় দিতে পারেননি কোহলিকে। ২ রান করে আউট হন তিনি। তবে রোহিত শর্মার কাছে উপযুক্ত সঙ্গ পান ভারতীয় অধিনায়ক। ১৭৩ রানের জুটি গড়েন তারা। ২৫৯ বলে ক্যারিয়ারের পঞ্চম ডাবল সেঞ্চুরি হাঁকান কোহলি। স্পর্শ করেন অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরির রেকর্ড, যেখানে তার সঙ্গে আছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং গ্রেট ব্রায়ান লারা। এরপর ক্যারিয়ারের দ্বিতীয় সেরা ২১৩ রানে আউট হন তিনি। ১৭ চার ও ২ ছয়ে সাজানো তার ২৬৭ বলের ইনিংস।
রোহিতের ব্যাটে ১৬০ বলে তার ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করেন। এরপরই ইনিংস ঘোষণা করে ভারত। ১০২ রানে অপরাজিত ছিলেন রোহিত।
শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নেন দিলরুয়ান পেরেরা।
দ্বিতীয় ইনিংস খেলতে নেমে দ্বিতীয় বলে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। সাদিরা সামারাবিক্রমা রানের খাতা না খুলে বিদায় নেন। ৯ ওভার খেলে তারা আরও কোনও উইকেট হারায়নি। বিশাল চ্যালেঞ্জ মোকাবিলা করতে একটু সাবধানী খেলার ইঙ্গিত দিয়ে তৃতীয় দিন শেষ করলো সফরকারীরা।








