প্রতিপক্ষ কোচের রাতের ঘুম হারাম হয় বার্সেলোনা কিংবা আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে। লিওনেল মেসিকে আটকানোর কঠিন ছক কষতে বসতে হয় যে তাদের। যদিও আর্জেন্টাইন ফরোয়ার্ডকে আটকানোর কোনও ছক দেখেন না তার একসময়কার সতীর্থ ডেকো।
বার্সেলোনার মূল দলে অভিষেকটা তাদের প্রায় একই সময়ে। ২০০৪-০৫ মৌসুমে কাতালান ক্লাবে পথচলা শুরু মেসি ও ডেকোর। পর্তুগিজ যুবরাজ আগের মৌসুমে পোর্তোর হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার পর যোগ দিয়েছিলেন ন্যু ক্যাম্পে, আর মেসি এসেছিলেন যুব দল থেকে। কাতালান ক্লাবে কাটানো সময়ে দুটি লা লিগা, দুটি স্প্যানিশ সুপার কাপের সঙ্গে ডেকো জিতেছিলেন ২০০৬ সালের চ্যাম্পিয়নস লিগ শিরোপা। ১৪ বছরের অপেক্ষা শেষে কাতালানরা ঘরে তোলে দ্বিতীয় ইউরোপিয়ান ট্রফি।
সাফল্যের এই সময়ে মেসিকে খুব কাছ থেকে দেখেছেন ডেকো। তাছাড়া বার্সেলোনা ছাড়ার পরও নজরে রেখেছেন সাবেক সতীর্থকে। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর পারফরম্যান্সে মুগ্ধ সাবেক পর্তুগিজ মিডফিল্ডার। ফুটবলীয় দৃষ্টিকোণ থেকে ডেকো জানিয়েছেন, মেসিকে আটকানো প্রতিপক্ষের জন্য অসম্ভব ব্যাপার।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক বার্সেলোনা মিডফিল্ডার বলেছেন, ‘আমি যেটা বলতে পারি, সেটা হলো যখন মেসির মতো খেলোয়াড় থাকবে, তখন বিশ্বের যেকোনও দল একটু বেশিই সুবিধা পাবে।’ কেন, তার ব্যাখ্যাও দিয়েছেন ডেকো, ‘মেসি শুধু গোল স্কোরার নয়, ও গোল তৈরিও করে। ও খুব ভালো বুঝতে পারে প্রতিপক্ষের রক্ষণ কোনভাবে এগোচ্ছে কিংবা অনুশীলন করেছে।’
বিশ্বের যেকোনও দলের পক্ষে মেসিকে আটকানো অসম্ভব বলে জানিয়েছেন ব্রাজিলে জন্ম নেওয়া এই মিডফিল্ডার, ‘মেসির বিপক্ষে খেলাটা সহজ ব্যাপার নয়। প্রতিপক্ষের জন্য ব্যাপারগুলো একেবারে অন্যরকম হয়, কারণ ওয়ান টু ওয়ান কিংবা দুজনের বিপক্ষে সে একেবারে অপ্রত্যাশিত, সেটা এমনকি পাসের ক্ষেত্রেও।’ গোল ডটকম








