অস্ট্রেলিয়ার নতুন চেহারার ব্যাটিং অর্ডারের জন্য কঠিন একটা দিন গেলো শনিবার। অবশ্য গত সপ্তাহে যেভাবে ধস নেমেছিল তাদের আগের চিরচেনা ব্যাটিং অর্ডারের, ঠিক তেমনটা ভুগতে হয়নি এবার। তবে জোহানেসবার্গে দ্বিতীয় দিন শেষে ফলোঅনে পড়ার শঙ্কায় স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটকে হারিয়ে ভেঙে পড়া অস্ট্রেলিয়া।
কেপটাউন টেস্টের আধিপত্য জোহানেসবার্গে শেষ ম্যাচেও ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা। ২০০৩ সালের পর এই মাঠে টেস্ট ম্যাচে সর্বোচ্চ ৪৮৮ রান করে অলআউট হয় প্রোটিয়ারা। জবাবে অস্ট্রেলিয়া ৬ উইকেটে ১১০ রানে দিন শেষ করে। ফলোঅন এড়াতে এখনও তাদের করতে হবে ১৭৯ রান।
এদিন প্রোটিয়াদের জন্য একমাত্র অপ্রাপ্তি লোয়ার অর্ডারদের ব্যর্থতার কারণে দ্বিতীয় সেঞ্চুরিটা পেলেন না তেম্বা বাভুমা। ১৯৪ বল খেলে ১৩ চারে ৯৫ রানে অপরাজিত ছিলেন তিনি।
দক্ষিণ আফ্রিকার দিনটা শুরু হয়েছিল ৬ উইকেটে ৩১৩ রানে। কুইন্টন ডি কক (৩৯) ও ভারনন ফিল্যান্ডার (১২) আউট হওয়ার পর কেশব মহারাজকে নিয়ে নবম উইকেটে ৭৬ রানের জুটি গড়েন বাভুমা।
এই শক্ত জুটিতে পাঁচশ ছাড়ার আভাস দিয়েছিল প্রোটিয়ারা। কিন্তু প্যাট কামিন্সের ২৯তম ওভারে জোড়া আঘাতে সেটা হয়নি। মহারাজ ৪৫ রানে আউট হওয়ার পর মর্নে মরকেল প্রথম বলেই পিটার হ্যান্ডসকম্বকে ক্যাচ দেন।
কামিন্স প্রথম ইনিংসে সর্বোচ্চ ৫ উইকেট নেন অসিদের পক্ষে।
জবাব দিতে নেমে ফিল্যান্ডারের তোপে পড়ে অস্ট্রেলিয়া। দিন শেষ হওয়ার আগে মাত্র দুজন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছান। উসমান খাজা ইনিংস সেরা ৫৩ রান করেন। আর মিচেল মার্শের ব্যাটে আসে ১৬ রান। এখন তাদের আস্থা ফেরাতে পারেন নতুন অধিনায়ক টিম পেইন, ৫ রানে অপরাজিত তিনি। ৭ রানে খেলছেন কামিন্স।
ফিল্যান্ডার নিয়েছেন তিন উইকেট। ক্রিকইনফো








