বাঁ পায়ের চোটে ছিটকে গেছেন মোস্তাফিজুর রহমান। আফগানিস্তান সিরিজে তার জায়গায় সুযোগ পেয়েছেন আরেক পেসার আবুল হাসান রাজু। তার দলে ডাক পাওয়াটা আচমকা নয় জানালেন বাংলাদেশের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
আবুল হাসানকে সুযোগ দেওয়ার কারণটা বৃহস্পতিবার দেশ ছাড়ার আগে জানালেন মিনহাজুল আবেদীন, ‘আমরা যখন দল ঘোষণা করেছিলাম, তখনই তাকে (আবুল হাসান) স্ট্যান্ডবাই রাখা হয়েছিল। আমরা তাকে সঙ্গেই রেখেছিলাম। আমাদের পরিকল্পনা ছিল কোনও ফাস্ট বোলার চোট পেলে তাকে ওই জায়গায় নেওয়া হবে।’
দেরাদুনের উইকেট পেস বোলারদের জন্য ভালো হবে মনে করেন মিনহাজুল আবেদীন। একাদশে সুযোগ পেলে সুইং ও স্লোয়ারে আবুল হাসান ভালো কিছু করতে পারবেন আশা তার, ‘সে স্লোয়ারটা ভালো করতে পারে। আইপিএলে ভারতের উইকেটে যথেষ্ট ঘাস দেখেছি। এটা মাথায় রেখে আমরা তাকে নিয়েছি। আশা করি সুযোগ পেলে সে ভালো করবে।’
২০১২ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খুলনায় অভিষেক টেস্টে ১০ নম্বরে নেমে সেঞ্চুরির দুর্লভ কীর্তি গড়েন আবুল হাসান। কিন্তু তারপর আর ব্যাট হাতে বলার মতো কিছু করতে পারেননি। বোলিং পারফরম্যান্সও আহামরি নয়। ৩ টেস্টে তিনটি ও ৪ টি-টোয়েন্টিতে মাত্র দুটি উইকেট তারা। ৭ ওয়ানডে খেলেও এখনও পাননি উইকেটের দেখা।
আফগানিস্তানের বিপক্ষে একাদশে ডাক পেলে ছয় বছর পর টি-টোয়েন্টি খেলবেন আবুল হাসান। ২০১২ সালের বিশ্ব টি-টোয়েন্টিতে সর্বশেষ ২০ ওভারের ম্যাচ খেলেন তিনি। আর সবশেষ ওয়ানডে গত জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে।








