ত্রিনিদাদ টেস্টে বিপদে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ১৮৫ রানে অলআউট হয়ে গেছে তারা। বিপরীতে বোলারদের দাপটের পর ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে জ্বলে উঠেছেন কিয়েরন পাওয়েল। তার অপরাজিত হাফসেঞ্চুরিতে ক্যারিবিয়ানরা তৃতীয় দিন শেষ করেছে ৪ উইকেটে ১৩১ রানে। তাতে লিড বেড়ে দাঁড়িয়েছে ৩৬০।
শ্রীলঙ্কার সামনে তাই কঠিন লক্ষ্যই ছুড়ে দিতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিজে এখনও আছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান শেন ডওরিচ। দিন শেষ করেছেন এই উইকেটরক্ষক ১১* রান নিয়ে। তার সঙ্গে চতুর্থ দিন শুরু করবেন পাওয়েল ৬৪ রান নিয়ে। তৃতীয় দিনে অসাধারণ ব্যাটিংয়ে তিনি তুলে নেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম হাফসেঞ্চুরি। হার না মানা ইনিংসটি সাজিয়েছেন ৬ বাউন্ডারি ও ২ ছক্কায়।
ওপেনিংয়ে ডেভন স্মিথের শুরুটা ভালো হলেও বেশি দূর যেতে পারেননি। ২০ রানে ফেরেন প্যাভিলিয়নে, আরেক ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট করেন ১৬ রান। সাই হোপ পুরোপুরি ব্যর্থ (১), আর রোস্টন চেস আউট হওয়ার আগে করে যান ১২ রান। শ্রীলঙ্কার হযে লাহিরু কুমারা ২৮ রানে নিয়েছেন ২ উইকেট।
এর আগে প্রথম ইনিংয়ে শ্রীলঙ্কা অলআউট হয় ১৮৫ রানে। ৩ উইকেটে ৩১ রান নিয়ে দিন শুরু করা লঙ্কানরা শুরুতেই হারায় রোশেন সিলভার (৫) উইকেট। অধিনায়ক দিনেশ চান্ডিমাল ও নিরোশান ডিকবেলা অবশ্য দলকে বিপদ থেকে বের করে নিয়ে এসেছিলেন। চান্ডিমাল হাফসেঞ্চুরির দিকেও হাঁটছিলেন, কিন্তু ৪৪ রান করে প্যাভিয়িলনে ফিরে যান তিনি। রান আউট হয়ে ডিকবেলা ফেরেন ৩১ রান করে। এরপর দিলরুয়ান পেরেরা (২০) ও সুরঙ্গা লাকমালের (১৫) ছোট দুটি ইনিংসে ১৮৫ রানে শেষ হয় লঙ্কানদের প্রথম ইনিংস।
সফরকারীদের ধসিয়ে দেওয়ার পথে মিগেল কামিন্স ৩৯ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট পেয়েছেন কেমার রোচ ও শ্যানন গ্যাব্রিয়েল। ক্রিকইনফো







