গ্রেড ক্রিকেট ম্যাচে প্রতিবাদ হিসেবে ইনিংসের মাঝপথে মাঠ ছেড়েছেন অস্ট্রেলিয়ার নিষিদ্ধ ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। একে ‘স্লেজিংয়ের ঘটনা’ বলছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
ওয়েস্টার্ন সাবআর্বসের বিপক্ষে সিডনিতে র্যান্ডউইক-পিটার্সহ্যামের হয়ে খেলা ওয়ার্নার ৩৫ রানে অপরাজিত থেকে পিচ ছাড়েন। আম্পায়ারকে তিনি বলেন, ‘আমি ম্যাচ থেকে সরে দাঁড়াচ্ছি।’ তাৎক্ষণিকভাবে জানা গেছে, প্রয়াত ফিল হিউজের ভাই জ্যাসন হিউজের স্লেজিংয়ের প্রতিবাদ করে সরে দাঁড়ান এই ওপেনার।
অবশ্য আম্পায়াররা উস্কানিমূলক কোনও মন্তব্য শোনেননি বলে প্রকাশ করেছে কয়েকটি গণমাধ্যম। তাদের জানিয়ে সঙ্গে সঙ্গে সাজঘরের পথে হাঁটতে থাকেন ওয়ার্নার। অসুস্থতা বা রিটায়ার্ড হার্ট না হয়ে স্বেচ্ছায় মাঠ ছাড়লে আর ফেরার নিয়ম ক্রিকেটে না থাকলেও আম্পায়ারদের অনুরোধে দুই মিনিট পরই ফিরে আসেন ৩২ বছর বয়সী ক্রিকেটার।
জন্মদিনে ওয়ার্নারের এই ফেরায় কোনও আপত্তি জানায়নি প্রতিপক্ষ ক্রিকেটাররা। বরং খুশি মনে তাকে স্বাগত জানায় তারা। আর ক্রিজে ফিরেই ১৫৭ রানের অনবদ্য এক ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। বাকি সময় আর কোনও বিতর্কিত ঘটনার মুখোমুখি হননি ওয়ার্নার।
তার এই হুট করে ক্রিজ ছাড়ার খবর ছড়িয়ে পড়লে বেশ কয়েকজন টিভি ক্রু ও সাংবাদিক প্যাটার্ন পার্কে এসে কারণ খোঁজার সর্বোচ্চ চেষ্টা চালান। কিন্তু চা বিরতি ও আউট হওয়ার সময় দুইবার ওয়ার্নারকে কাছে পেয়েও বিস্তারিত জানতে পারেননি তারা। এমনকি তার প্রতিপক্ষ দলের ক্রিকেটাররাও মুখে তালা লাগিয়ে রেখেছিলেন। বিবিসি, ক্রিকইনফো, ডেইলি টেলিগ্রাফ







