একের পর এক উইকেট উৎসবে মাতলেন নাঈম হাসান। এই অফ স্পিনার একাই তুলে নিয়েছেন ৮ উইকেট। তার দুর্দান্ত বোলিংয়ে তিন দিনেই ম্যাচ জিতে নিয়েছে পূর্বাঞ্চল। বুধবার বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) মধ্যাঞ্চলের বিপক্ষে তারা পেয়েছে ৩২১ রানের বিশাল জয়।
সিলেটে নাঈমের ঘূর্ণির আগে ব্যাট হাতে পূর্বাঞ্চলকে দারুণ দিন উপহার দিয়েছিলেন মুমিনুল হক ও ইয়াসির আলী। দুজনের সেঞ্চুরিতে ৩ উইকেটে ৩৫৪ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে পূর্বাঞ্চল। তাতে মধ্যাঞ্চলের জন্য লক্ষ্য ঠিক হয় ৪৫৬ রানের। বিশাল এই লক্ষ্যে খেলতে নেমে মধ্যাঞ্চল পড়ে নাঈমের ঘূর্ণির সামনে। এই স্পিনারের প্রথম শ্রেণির সেরা বোলিংয়ের দিনে মাত্র ১৩৪ রানে গুটিয়ে যায় মধ্যাঞ্চল।
দ্বিতীয় ইনিংসে পূর্বাঞ্চলকে বড় সংগ্রহ এনে দেন মুমিনুল ও ইয়াসির। সেঞ্চুরি পূরণ করে মুমিনুল আউট হয়েছেন ১০০ রানে। ১০৬ বলের ইনিংসটি তিনি সাজান ৯ চার ও এক ছক্কায়। ইয়াসিরকে অবশ্য আউট করতে পারেনি মধ্যাঞ্চল। এই মিডল অর্ডার ব্যাটসম্যান ১০৯ বলে অপরাজিত ছিলেন ১০১ রানে, ইনিংসটি তিনি সাজান ১০ চার ও ২ ছক্কায়।
তাদের সেঞ্চুরির পর বল হাতে জ্বলে ওঠেন নাঈম। গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া এই স্পিনার ফেরান মধ্যাঞ্চলের টপ অর্ডারের ছয় ব্যাটসম্যানকেই। মাঝে জাকের আলী ও শেষে শাহাদত হোসেনের উইকেট দুটি নিয়েছেন আবু জায়েদ। তা ছাড়া মধ্যাঞ্চলের সব উইকেটই নাঈমের দখলে। ১৮ বছর বয়সী এই স্পিনার ৪৭ রান খরচায় পেয়েছেন ৮ উইকেট।
গত অক্টোবরে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ১০৬ রানে ৮ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং ফিগার গড়েছিলেন নাঈম। মাস দুয়েকের মধ্যে সেটাকে নতুন করে লিখলেন তিনি। দুর্দান্ত বোলিংয়ের পর ম্যাচসেরার পুরস্কার তার হাতেই উঠেছে।
উত্তরাঞ্চল-দক্ষিণাঞ্চল
চট্টগ্রামে দক্ষিণাঞ্চলের রান পাহাড়ের পর প্রতিরোধ গড়ায় চেষ্টা চালিয়েছে উত্তরাঞ্চল। প্রথম ইনিংসে দক্ষিণাঞ্চল ৫৪১ রান করার পর উত্তরাঞ্চল তৃতীয় দিন শেষে স্কোরে জমা করেছে ৫ উইকেটে ১৮৬ রানে। প্রথম ইনিংসে ২৯৩ রানে অলআউট হওয়া উত্তরাঞ্চল এখনও পিছিয়ে আছে ৬২ রানে।
এনামুল হক ও আল-আমিনের সেঞ্চুরিতে দক্ষিণাঞ্চল তাদের প্রথম ইনিংসে করেছে ৫৪১ রান। ১৫৫ রান নিয়ে দিন শুরু করা এনামুল আউট হয়েছেন ১৮০ রানে। ৩১৪ বলের ইনিংসটি এই ওপেনার সাজিয়েছেন ১৬ বাউন্ডারিতে। আল-আমিন করেছেন ১২৮ রান। উত্তরাঞ্চলের সবচেয়ে সফল বোলার সানজামুল ইসলাম। এই স্পিনার পেয়েছেন ৬ উইকেট।
দক্ষিণাঞ্চলের রান পাহাড়ে চাপা পড়া উত্তরাঞ্চল দ্বিতীয় ইনিংসের শুরুতেই বিপদে পড়ে ওপেনার মিজানুর রহমানকে (১১) হারিয়ে। খানিক পর ফরহাদ হোসেন ৩ রানে ফিরে গেলে আরও চাপে পড়ে তারা। তবে জুনায়েদ সিদ্দিকী ও নাঈম ইসলামের ব্যাটে ঘুরে দাঁড়ায় উত্তরাঞ্চল। দুজনই পূরণ করেন হাফসেঞ্চুরি। জুনায়েদ করেছেন ৭৭ রান, আর নাঈমের ব্যাট থেকে আসে ৬৭ রান। দিন শেষে ১৫ রানে অপরাজিত আছেন জিয়াউর রহমান। তার সঙ্গে শেষ দিন শুরু করবেন ৩ রানে অপরাজিত থাকা ধীমান ঘোষ।








