তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। বুধবার বিকাল সাড়ে ৪টায় তাকে বহন করা বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি ও বর্তমান আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর তিন দিনের সফরে এসেছেন বাংলাদেশে। খবরটি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেছেন, ‘শশাঙ্ক মনোহর কিছুক্ষণ আগে ঢাকায় পৌঁছেছেন। বিপিএলের ফাইনাল ম্যাচটি তিনি স্টেডিয়ামে বসে দেখবেন।’
আইপিএলের কয়েকটি ম্যাচ আয়োজনের সম্ভাব্য যাচাইয়ের কারণে শশাঙ্ক মনোহর বাংলাদেশ সফরে আসছেন- মঙ্গলবার এমন খবর ছাপা হয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমে। তবে খবরটি ভিত্তিহীন বলে জানিয়েছেন বিসিবির এক পরিচালক।
নাম প্রকাশ না করার শর্তে ওই পরিচালক বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘কোনোভাবেই বাংলাদেশে আইপিএল আয়োজন সম্ভব নয়। ওদের লোকসভা নির্বাচনের কারণে ওরা আইপিএলেকে এগিয়ে আনছে। কিন্তু বাংলাদেশে আইপিএল হবে, এই ধরনের কোনও কিছু তারা প্রস্তাব করেনি।’
তার কথায়, বিসিবির আমন্ত্রণে বিপিএলের ফাইনাল ম্যাচটি দেখতেই কেবল শশাঙ্ক মনোহর বাংলাদেশে এসেছেন। তিন দিনের এই সফরে বিসিবির সঙ্গে আইসিসি চেয়ারম্যানের অন্য আলোচনার বিষয়ও হয়তো থাকছে।








