নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলা হচ্ছে না মুশফিকুর রহিমের। পাঁজরের চোট নিয়ে শেষ ওয়ানডে খেলতে নেমে ডান হাতের আঙুলে ব্যথা পেয়েছিলেন তিনি। টেস্ট সিরিজ শুরুর আগে ওই ইনজুরির সঙ্গে ভোগাচ্ছে আবার কব্জির পুরোনো চোট। সবকিছু মিলিয়ে হ্যামিল্টনে খেলা হচ্ছে না মুশফিকের।
প্রথম টেস্ট তো বটেই, দ্বিতীয় টেস্টেও মুশফিককে পাওয়া নিয়ে সংশয় আছে! টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, মুশফিকের কব্জির অবস্থা পুরোপুরি ঠিক হতে দুই সপ্তাহর মতো সময় লাগবে। সেই হিসাবে মার্চের প্রথম সপ্তাহের আগে মুশফিকের ব্যাট ধরার সম্ভাবনা কম। ওয়ালিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ মার্চ। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কী হয়।
কিউইদের বিপক্ষে প্রথম টেস্টে মুশফিকের না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন মাহমুদউল্লাহ। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের চোটে অধিনায়কত্ব পাওয়া এই ব্যাটসম্যান বলেছেন, ‘মুশফিক ধীরে ধীরে ঠিক হচ্ছে। কালকের (বৃহস্পতিবার) ম্যাচে আমরা ওকে পাচ্ছি না।’
মুশফিকের জন্য নিউজিল্যান্ড মানেই যেন হতাশার গল্প! ২০১৭ সালের সফরে ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে ১৫৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন তিনি। ওই ইনিংসেই বল লেগে চিড় ধরেছিল তার বাঁ হাতের বুড়ো আঙুলে। আহত আঙুল নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইনজুরিতে পড়ে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে যেতে হয়েছিল তাকে। ওয়ালিংটনের ওই টেস্টে বাঁ হাতের বুড়ো আঙুলের ইনজুরিতে পড়লেও এবার তিনি ডান হাতের আঙুল নিয়ে বিপাকে।
মুশফিকের খেলা না হলেও বাংলাদেশের জন্য সুখবর মোহাম্মদ মিঠুনের ফিট হয়ে ওঠা। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে হ্যামিস্ট্রিংয়ে চোট পাওয়ায় শেষ ম্যাচে খেলা হয়নি তার। তবে প্রথম টেস্টের আগে সুস্থ হয়ে খেলতে প্রস্তুত মিঠুন। প্রধান কোচ স্টিভ রোডস বলেছেন, ‘মুশফিক সেরে ওঠেনি, তাই তার খেলা হচ্ছে না। তবে চোট থেকে সেরে উঠেছে মোহাম্মদ মিঠুন। সে খেলার জন্য প্রস্তুত। মিঠুন ওয়ানডেতে বেশ ভালো খেলেছে। টেস্ট সিরিজের আগে নেটেও বেশ ভালো ব্যাটিং করেছে। আশা করি মিঠুন নিজের সেরাটা দিতে পারবে।’
নিউজিল্যান্ডে যাওয়ার আগেই সাকিবকে হারায় বাংলাদেশ। ওয়ানডে সিরিজ শেষে মুশফিককেও হারাতে হয়েছে। দলের গুরুত্বপূর্ণ দুই ব্যাটসম্যানকে হারিয়ে কঠিন পরিস্থিতিতে বাংলাদেশ। মাহমুদউল্লাহ বলেছেন, ‘মুশফিক ও সাকিব দুজনই আমাদের অনেক গুরুত্বপূর্ণ সদস্য। ওরা দুজন দলের জন্য কতটা অপরিহার্য, এটা আমরা সবাই জানি। ওরা দলের পারফরমার। তবে এই মুহূর্তে যারা আছে তাদের সামনে সুযোগ নিজেদের প্রমাণ করার। আশা করি সুযোগটা তারা লুফে নিতে পারবে।’
বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টায় শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের হ্যামিল্টন টেস্ট।








