ভারত সফরের ওয়ানডে সিরিজে দুর্দান্ত সময় কাটিয়েছেন উসমান খাজা। এরপরও তাকে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে দেখা যাবে কিনা, তা নিয়েই যখন সংশয় রয়েছে, তখন কিনা দলটির বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিংয়ের বিশ্বাস, ইংল্যান্ডের প্রতিযোগিতায় একাদশেই থাকবেন এই ব্যাটসম্যান।
২০০৩ ও ২০০৭ সালের বিশ্বকাপ অস্ট্রেলিয়া জিতেছিল পন্টিংয়ের নেতৃত্বে। সেই তিনিই বলছেন, ‘খাজাকে বিশ্বকাপে না দেখলে অবাক হবো।’ অবাক হওয়ার কারণও আছে। ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজ জয়ের নায়ক ছিলেন খাজা। ‘টেস্ট ব্যাটসম্যান’ হিসেবে তার পরিচিতি থাকলেও ওয়ানডেতেও যে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারেন, তার প্রমাণ দিয়েছেন ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ৩-২ ব্যবধানের সিরিজ জয়ে।
ওপেনিংয়ের ব্যর্থতা কাটিয়ে খাজা ভারতে পেয়েছেন প্রথম ওয়ানডে সেঞ্চুরি। শুধু তা-ই নয়, এক ম্যাচ বিরতি দিয়ে তুলে নিয়েছেন দ্বিতীয় সেঞ্চুরিও। তাই বিশ্বকাপে তার না থাকার কোনও কারণ দেখছেন না পন্টিং। তবে খাজা জায়গা পাবেন কিনা, এই সংশয় তৈরি করছে স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের ফেরা। ওয়ার্নার ফিরলে খাজা ওপেনিংয়ের জায়গা হারাবেন নিশ্চিতভাবেই। ওয়ান ডাউনে যে খেলবেন, সেই জায়গাও তো পূরণ হয়ে যাবে স্মিথ আসলে!
এই হিসাব পন্টিংও বুঝছেন। এরপরও সবদিক চিন্তা করেই খাজাকে বিশ্বকাপের একাদশে রাখছেন সাবেক এই অধিনায়ক। তার বক্তব্য, ‘গত কয়েক সপ্তাহ আমরা সবাই দেখেছি কী দক্ষ খেলোয়াড় উসমান খাজা। আমার মনে হয়, যখন আপনি তাকে এভাবে খেলতে দেখেছেন, তখন আপনার ভেতর বিস্ময় জন্ম নিয়েছে- কেন সে নিয়মিত এমনটা খেলছে না।’ সঙ্গে যোগ করেছেন, ‘আমি অবাক হবো, যদি দেখি (বিশ্বকাপের) স্কোয়াডে খাজা নেই।’
খাজা কোথায় খেলবেন, সেটাও দেখিয়ে দিয়েছেন পন্টিং, ‘ওয়ার্নার এলে হয়তো খাজাকে তিনে নেমে যেতে হবে। তখন স্টিভ স্মিথ সম্ভবত চার কিংবা পাঁচে খেলবে।’ বল টেম্পারিংয়ের দায়ে জাতীয় দল থেকে স্মিথ-ওয়ার্নার নিষিদ্ধ থাকলেও মার্চের শেষ দিকে তা উঠে যাচ্ছে। তাই বিশ্বকাপ খেলতে কোনও বাধা থাকছে না তাদের।







