মৌসুম শুরু হতে না হতেই রিয়াল মাদ্রিদ পরিণত হয়েছে হাসপাতালে! স্কোয়াডের ৯ খেলোয়াড় চোটে পড়েছেন। ইনজুরির মিছিলে সবশেষ যোগ দিয়েছেন হামেস রোদ্রিগেস।
শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল ভায়াদোলিদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করার ম্যাচে ইনজুরিতে পড়েছেন হামেস। রিয়াল মাদ্রিদ তার কাফ ইনজুরিতে পড়ার খবর নিশ্চিত করেছে। বায়ার্ন মিউনিখে ধারের চুক্তি শেষ করে চলতি মৌসুমে রিয়ালে ফেরা এই তারকার আগে আরও আট খেলোয়াড়কে যেতে হয়েছে চিকিৎসার টেবিলে।
চোটের এই মিছিল শুরু ব্রাহিম দিয়াসকে দিয়ে। মন্ট্রিলে ‘লস ব্লাঙ্কোদের’ প্রাক-মৌসুম অনুশীলন ক্যাম্পে ঊরুর চোটে পড়েন তিনি। ওই ট্যুরেই মাংশপেশীর সমস্যা দেখা দেয় ফেরলাঁ মাঁদির। সেই ধাক্কার পর নিউ জার্সিতে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে প্রীতি ম্যাচে গোলরক্ষক ইয়ান ওবলাকের সঙ্গে ধাক্কা লেগে হাঁটুতে আঘাত পান লুকা ইয়োভিচ।
রিয়ালের জন্য সবচেয়ে খারাপ মুহূর্ত আসে মার্কো আসেনসিও’র চোটে। ওয়াশিংটন ডিসিতে আর্সেনালের বিপক্ষে ম্যাচে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে এই ফরোয়ার্ডের। লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি।
প্রাক-মৌসুম প্রস্তুতি পর্ব শেষে মাদ্রিদে ফেরার পর ইনজুরি পড়েন গোলরক্ষক থিবো কোর্তোয়া। তবে স্বস্তির খবর হলো, অ্যাঙ্কেলের চোটে পড়া এই গোলরক্ষক প্রত্যাশার চেয়ে দ্রুত সেরে উঠেছেন। এরপর ঊরুর চোটে পড়েন রোদ্রিগো গোয়েস।
১০০ মিলিয়ন ইউরোতে চেলসি থেকে এডেন হ্যাজার্ডকে দলে এনেছে রিয়াল মাদ্রিদ। প্রাক-মৌসুম প্রস্তুতিতে নিজেকে মেলে ধরলেও মাদ্রিদের ক্লাবটির হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে অভিষেক হতে দেরি হচ্ছে তার চোটের কারণে। তিনিও ঊরুর চোটে পড়েছেন। তার সঙ্গে চিকিৎসা নিতে হচ্ছে এদের মিলিতাওকে।
এত ইনজুরির ভিড়ে হামেসের চোট আরও চিন্তায় ফেলে দিয়েছে জিদানকে। গত ৪৭ দিনের মধ্যে নবমবার ইনজুরিতে পড়া হামেসকে নিয়ে বাড়তি চিন্তা হওয়াই স্বাভাবিক। মার্কা








