বাবা জগমোহন ডালমিয়া ২০১৫ সালে অন্যলোকে পাড়ি দেওয়ার আগে দুই দফা ছিলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি। বাবার মৃত্যুর ৫ বছরের মাথায় সিএবি’র সভাপতি নির্বাচিত হলেন অভিষেক ডালমিয়া, মাত্র ৩৮ বছর বয়সে। অভিষেক হলেন সিএবির ১৮তম সভাপতি, তার আগের ১৭ সভাপতির চেয়ে বয়োকণিষ্ঠ অর্থাৎ ইতিহাসের সবচেয়ে কমবয়সী সিএবি সভাপতি।
সৌরভ গাঙ্গুলী গত বছর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি নির্বাচিত হওয়ার পর সিএবি সভাপতির পদটি শূন্য পড়ে ছিল। আজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেই পদে বসলেন অভিষেক। লোধা কমিটির সংস্কার-সুপারিশ অনুযায়ী ‘কুলিংয়ে যাওয়ার’ বাধ্যবাধকতা থাকায় অভিষেক ২০২১ সালের ৬ নভেম্বর পর্য়ন্ত প্রায় ২২ মাস দায়িত্ব পালন করতে পারবেন। আর তার ছেড়ে দেওয়া একটি যুগ্ম সম্পাদকের পদে নির্বাচিত হয়েছেন সৌরভের দাদা স্নেহাশিস গাঙ্গুলী।
সভাপতি নির্বাচিত হয়ে এক আবেগময় বক্তৃতায় অভিষেক বলেন, ‘ছোটবেলায় সব সময় বাবার মুখে শুনে এসেছি, ইডেন হলো পূজার মন্দির। এই মনোভাব সব সময়ই আমার মধ্যে থাকবে।’
মেয়ে সানাকে নিয়ে লন্ডন-যাত্রার আগে সিএবি ভবনে এসে নবনির্বাচিত কর্মকর্তাদের বরণ করে গেছেন সৌরভ।
সিএবি থেকে উত্থান অভিষেকের বাবা জগমোহন ডালমিয়ার। কালক্রমে তিনি হন বিসিসিআই ও আইসিসি সভাপতি। তার ঐকান্তিক প্রচেষ্টাতেই উপমহাদেশে প্রথম আয়োজিত হয় বিশ্বকাপ (১৯৮৭)। বাংলাদেশের টেস্ট মর্য়াদা পাওয়ার পেছনেও বড় অবদান আছে ডালমিয়ার।








