তিনটি টি-টোয়েন্টি খেলে দক্ষিণ আফ্রিকা সফর শেষ করে মার্চে শ্রীলঙ্কায় দুটি টেস্ট খেলবে ইংল্যান্ড। দুই ম্যাচের ওই টেস্ট সিরিজের দল আজ মঙ্গলবার ঘোষণা করেছে ইসিবি। ১৬ জনের দলে ফিরেছেন বেন ফোকস ও কিটন জেনিংস। দক্ষিণ আফ্রিকায় যাওয়া জনি বেয়ারস্টো বাদ পড়েছেন। মঈন আলী এবারও উপেক্ষিত। পাঁজরের চোটের কারণে দেশেই থাকতে হচ্ছে জেমস অ্যান্ডারসনকে।
চোটের কারণে শ্রীলঙ্কা যাওয়া হচ্ছে না জোফরা আর্চার ও ররি বার্নসের। ১৯ ও ২৭ মার্চ শুরু দুটি টেস্ট ম্যাচ থেকে বিশ্রাম দেওয়া হবে শোনা গেলেও স্টুয়ার্ট ব্রড যাচ্ছেন দলের সঙ্গে। অসুস্থতার কারণে দক্ষিণ আফ্রিকা থেকে আগেভাগে ফেরা জ্যাক লিচ ফিরেছেন।
দুই বছর আগে শ্রীলঙ্কাতেই অভিষেক হয়েছিল ফোকসের। ৩-০ তে জয়ী টেস্ট সিরিজের সেরা খেলোয়াড়ই হয়েছিলেন তিনি। গলে ক্যারিয়ারের প্রথম ম্যাচেই সেঞ্চুরি করা এ উইকেটকিপার ব্যাটসম্যান জায়গা হারান ওয়েস্ট ইন্ডিজ সফরের পর। জস বাটলার দলে থাকলেও গ্লাভস থাকবে ফোকসের হাতেই।
উপমহাদেশের স্পিনের বিপক্ষে তার গড় চমৎকার, ৪৪.৪৪। আগের শ্রীলঙ্কা সফরে শর্ট লেগে একাধিক ক্যাচ নিয়েছিলেন। জেনিংসকে শেষবার ২২ গজে দেখা গিয়েছিল এক বছর আগে সেন্ট লুসিয়া টেস্টে।
দক্ষিণ আফ্রিকায় চার ম্যাচের সিরিজ ৩-১ এ জিতে শ্রীলঙ্কায় যাচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা ইংল্যান্ড। ৯ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১৪৬, তাদের ওপরে আছে অস্ট্রেলিয়া (২৯৬) ও ভারত (৩৬০)।
ইংল্যান্ড দল: জো রুট (অধিনায়ক), ডমিনিক বেস, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, জ্যাক ক্রলি, স্যাম কারেন, জো ডেনলি, বেন ফোকস, কিটন জেনিংস, জ্যাক লিচ, ম্যাথু পার্কিনসন, ওলি পোপ, ডমিনিক সিবলি, বেন স্টোকস, ক্রিস ওকস, মার্ক উড।








