২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় লিটন দাসের। দারুণ প্রতিভাবান ব্যাটসম্যান হয়েও নিজের ছায়া মাড়াতে পারছিলেন না লিটন। নিজের খেয়ালিপনার কারণেই দারুণ শুরুর পরও ইনিংসগুলো বড় করতে পারছিলেন না উইকেটকিপার-ব্যাটসম্যান। এবার জিম্বাবুয়ে সিরিজে নিজেকে বদলে ফেলেছেন লিটন। তিন ওয়ানডেতে দুটি সেঞ্চুরি করেছেন। দুটি সেঞ্চুরিই ছিল আগ্রাসী ব্যাটিংয়ের শিল্পিত উদাহরণ। লিটনকে নিয়ে নতুন করে ভাবনার খোরাক জুগিয়েছেন তিনি।
আগামীকাল শুরু হচ্ছে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও পেতে চান ওয়ানডের লিটনকে।
১১ বছর ধরে নিজের কাছে বাংলাদেশের হয়ে ওয়ানডের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি সিলেটে ভেঙে ১৫৮ রানের নতুন রেকর্ড গড়েন তামিম ইকবাল। গত শুক্রবার লিটন আগ্রাসী ব্যাটিংয়ে তালিকায় তামিমকে নামিয়ে দিয়েছেন নিচে। ১৪৩ বলে ১৬ চারও ও ৮ ছক্কায় খেলেছেন ১৭৬ রানের ইনিংস। ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। দুই ম্যাচে লিটনের ব্যাটিং তাণ্ডবে দিশেহারা হয়ে পড়েন জিম্বাবুয়ের বোলাররা।
মাহমুদউল্লাহ এই লিটনকেই টি-টোয়েন্টিও চান, ‘অবশ্যই, ওরকম লিটনকে চাই। লিটনের সামর্থ্য সম্পর্কে আমাদের ধারনা আছে। ও (লিটন) যেভাবে ব্যাটিং করেছে, দেখে খুবই ভাল লাগছে। আশা করছি সামনেও এভাবেই ব্যাটিং করে যাবে।’
টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানরা নিয়মিত সেঞ্চুরি পেলেও কুড়ি ওভারের ক্রিকেটে বাংলাদেশের সেঞ্চুরি মাত্র একটি। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে তামিম খেলেছিলেন সেটি, ওমানের বিপক্ষে ১০৩ রানের অপরাজিত ইনিংস। ওটাই এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরি। তামিম-লিটন ওয়ানডে সিরিজ যেভাবে খেলেছেন, তাতে টি-টোয়েন্টিতে সেঞ্চুরির সংখ্যা বেড়ে যাওয়া সময়ের ব্যাপার মনে করেন মাহমুদউল্লাহ, ‘যেভবে তামিম-লিটন ব্যাটিং করছে আমার মনে হয় এভাবে খেলতে পারলে সেঞ্চুরি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে।’
তামিমের স্ট্রাইক রেট নিয়ে গত কয়েক বছর ধরেই সমালোচনা হচ্ছিল। দীর্ঘিদিন ধরেই পাওয়ার প্লেতে কার্যকরী ব্যাটিং করতে পারছিলেন না। অজস্র ডট বল দিয়ে যাচ্ছিলেন। অবশ্য জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৩৬ বলে ১৫৮ রানের ইনিংস খেলে সেখান থেকে বেরিয়ে এসেছেন তামিম।
টি-টোয়েন্টি সিরিজে তামিমের কাছে তার স্বাভাবিক খেলাটাই চান অধিনায়ক মাহমুদউল্লাহ, ‘তামিমের স্ট্রাইক রেট নিয়ে কথা বলা হয়ছে। আমার মনে হয় যে ও (তামিম) যদি ওর মতো ব্যাটিং করতে পারে, টি-টোয়েন্টি সিরিজে একটা সেঞ্চুরি পাবে। আমি এটি নিয়ে খুব একটা চিন্তিত না। কারণ তামিম খু্বই ভালো ছন্দে ব্যাটিং করছে। টি-টোয়ন্টি ফরম্যাটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। ওকে নির্দিষ্ট করে কিছু বলার নেই, বলাও হয়নি ও কীভাবে ব্যাটিং করবে। পিচ মূল্যায়ন করে যেভাবে ব্যাটিং করা উচিত, সেভাবেই ব্যাটিং করবে।’







