সোমবার, খুব ভোরে দিল্লি বিমানবন্দরে পা ফেলেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ভারতের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এসেছে তারা। ধর্মশালায় ১২ মার্চের দিয়ে শুরু হবে এই সিরিজ।
কিন্তু তারা ভারতে এসেছে করোনাভাইরাস সম্পর্কে অতি সতর্ক হয়ে। সতর্কতা এমনই যে, এমনও হতে পারে সফরে কারো সঙ্গে হাতই মেলালেন না দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সদস্যরা।
সোমবার পর্যন্ত ভারতে ৪৩ জন করোনাভাইরাস আক্রান্তকে শনাক্ত করা গেছে। এটা জেনেই দক্ষিণ আফ্রিকা থেকে রওনা হওয়ার আগে সংবাদ সম্মেলনে প্রোটিয়াদের প্রধান কোচ মার্ক বাউচার বলেছেন, ‘করমর্দন এবং এধরনের বিষয়গুলো উদ্বেগের। সুতরাং এটি যদি সামনে চলে আসে, আমাদের কিছু তো করতেই হবে। আমাদের দলের কারো কিছু হওয়াটা এভাবে ঠেকানো যাবে।’
এই পরিস্থিতিতে হাত না মেলানোটাও পারস্পরিক শ্রদ্ধাবোধের বিষয় বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান, ‘আমি মনে করি আপনি যা বয়ে নিয়ে বেড়াচ্ছেন তা আপনার পাশের খেলোয়াড়দের শরীরে না ছড়ানোটাই হবে তাদের শ্রদ্ধা জানানো।’
দক্ষিণ আফ্রিকার নিরাপত্তা ও মেডিকেল টিম ভারত ভ্রমণের ঝুঁকি পর্যবেক্ষণ করে সবুজ সংকেত দেওয়ার পরই প্রোটিয়ারা এসেছে সফরে। তবে সঙ্গে থাকা নিরাপত্তা দল যদি করোনাভাইরাস কোভিড-১৯কে খুব বিপজ্জনক মনে করে তাহলে সফর অসমাপ্ত রেখেই ফিরে যেতে পারে প্রোটিয়া দল। ‘আমাদের সঙ্গে নিরাপত্তা দল আছে এবং আমরা যদি মনে করি স্বাস্থ্য ঝুঁকি বেশি, তাদের তা জানাবো। তারা যদি মনে করে পরিস্থিতি বিপজ্জনক, আমাদের ফিরিয়ে নিয়ে যাবে, কোনও ব্যত্যয় ঘটবে না’- বলেছেন বাউচার।








