খ্যাতিমান প্রকৌশলী, জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (মঙ্গলবার) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে একুশে পদক পাওয়া অধ্যাপকের প্রয়াণে শোক প্রকাশ করেছে বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা।
বঙ্গবন্ধু সেতু, পদ্মা বহুমুখী সেতু, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেলসহ চলমান নানা উন্নয়ন প্রকল্পে বিশেষজ্ঞ প্যানেলের নেতৃত্বদানকারী এই গুণী ব্যক্তিত্ব মঙ্গলবার রাত ২টায় ঘুমের মধ্যে ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ মারা গেছেন।
বিসিবির সভাপতি নাজমুল হাসানের উদ্ধৃতি দিয়ে শোক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ড. জামিলুর রেজা চৌধুরীর মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। শুধু দেশেই নয়, দেশের বাইরেও তিনি ভীষণ প্রশংসিত ছিলেন।’
১৯৯৬ সালের নির্বাচনের আগে তিন মাসের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন তিনি। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়া এই খ্যাতিমান শিক্ষাবিদ ও প্রকৌশলী আমৃত্যু ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
একুশে পদক পাওয়া এই শিক্ষককে ২০১৮ সালে সরকার জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেয়।







