আরেকটি প্রতিযোগিতা পিছিয়ে গেল! করোনাভাইরাসের প্রভাবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাই স্থগিত করা হয়েছে। ২০২১ সালের বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাওয়া লড়াইয়ে সামনের জুলাইয়ে শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল প্রতিযোগিতাটি। কিন্তু বিশ্বজুড়ে চলমান কোভিড-১৯ রোগে বাছাই স্থগিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বাংলাদেশের ক্রিকেটভক্তদের জন্য বাছাইয়ের লড়াইটা গুরুত্বপূর্ণ। কারণ শ্রীলঙ্কার প্রতিযোগিতা খেলেই ২০২১ সালে নিউজিল্যান্ডের বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত করতে হবে বাংলাদেশের মেয়েদের। ৩ জুলাই থেকে ১৯ জুলাই হওয়ার কথা ছিল ১০ দলের বিশ্বকাপ বাছাইয়ের লড়াই। কিন্তু করোনাভাইরাসে খেলার পরিস্থিতি না থাকায় স্থগিত করা হয়েছে প্রতিযোগিতাটি। আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থাটির ইভেন্ট প্রধান ক্রিস টেটলি বলেছেন, ‘বিশ্বজুড়ে চলমান ভ্রমণ নিষেধাজ্ঞার সঙ্গে স্বাস্থ্যঝুঁকি, সরকারের নির্দেশনা এবং স্বাস্থ্য কর্তৃপক্ষের পরামর্শ বিবেচনায় নিয়ে আমরা দুটো প্রতিযোগিতা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। যার একটি মেয়েদের বিশ্বকাপ বাছাই। খেলোয়াড়, কোচ ও স্টাফদের স্বাস্থ্যই আমাদের কাছে অগ্রাধিকার পাবে।’
নিউজিল্যান্ডের সামনের বিশ্বকাপে খেলবে মোট আট দল। এর মধ্যে সরাসরি বিশ্বকাপের টিকিট পেয়েছে পাঁচ দল। বাকি তিনটি জায়গায় জন্য হবে বাছাই পর্ব। সেই প্রতিযোগিতাই শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল ৩ জুলাই থেকে। ১০ দলের এই লড়াইয়ে আছে বাংলাদেশের মেয়েরাও। এছাড়া বড় দলগুলোর মধ্যে স্বাগতিক শ্রীলঙ্কা ছাড়াও রয়েছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড।
মেয়েদের বিশ্বকাপ বাছাইয়ের সঙ্গে আইসিসি স্থগিত করেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাছাইয়ের ইউরোপ ডিভিশন-২-এর খেলাও। ২০২২ সালের যুব বিশ্বকাপ সামনে রেখে ডেনমার্কে ইউরোপিয়ান অঞ্চলের বাছাই হওয়ার কথা ছিল ২৪ থেকে ৩০ জুলাই।








