বিয়ে হয়েছে ২০১৭ সালে। তিন বছরের মাথায় বিরাট কোহলি দিলেন সুখবর। বাবা হতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক। তার স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা অন্তঃসত্ত্বা। আজ (বৃহস্পতিবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘরে নতুন অতিথি আসার খবর নিশ্চিত করেছেন দুজন।
আগামী বছরের জানুয়ারিতে ভারতীয় তারকা দম্পতির ঘরে আসবে প্রথম সন্তান। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবা-মা হওয়ার সুখবর দেওয়া সঙ্গে সময়টাও জানিয়ে দিয়েছেন কোহলি-আনুশকা। ইনস্টগ্রাম ও টুইটারে খবরটি জানিয়েছেন তারা একই লেখা পোস্টে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের আলাদা অ্যাকাউন্ট থেকে করা পোস্টে লেখা, ‘এখন থেকে আমরা তিনজন। আসছে ২০২১ সালের জানুয়ারিতে।’
তাদের এই পোস্টের পর কমেন্টের ঘর ভাসছে শুভেচ্ছার বানে। ক্রিকেট থেকে বলিউড- তারকা দম্পতিকে অভিনন্দনের বৃষ্টিতে ভেজাচ্ছে। কোহলির ইনস্টগ্রাম পোস্টে দুই ঘণ্টার মধ্যে ‘লাইক’ পড়েছে ৫৩ লাখেরও বেশি, আর কমেন্ট প্রায় ১ লাখ ৭০ হাজার। সেই কমেন্টের ঘরেই অভিনন্দনের বার্তা দিয়েছেন ভারতীয় অধিনায়কের সতীর্থ ও ওপেনার শিখর ধাওয়ান এই লিখে, ‘অভিনন্দন ও অনেক শুভেচ্ছা কোহলি ও আনুশকাকে।’
কোহলির একসময়কার সতীর্থ হরভজন সিংও সুখবরের জবাব দিতে দেরি করেননি, এই স্পিনার লিখেছেন, ‘অনেক অনেক শুভেচ্ছা।’ দিল্লিতে ক্রিকেট শুরুর দিনগুলোতে বন্ধু হিসেবে ইশান্ত শর্মাকে পেয়েছেন কোহলি। এখনও একসঙ্গে খেলছেন জাতীয় দলে। তার খুশির খবরে ভারতীয় পেসার ‘রিপ্লাই’ দিতে ভুল করেননি, শুভেচ্ছা জানিয়ে তিনিও লিখেছেন, ‘অভিনন্দন তোমাদের দুজনকে।’ ভারতের টেস্ট দলের অন্যতম স্তম্ভ চেতেশ্বর পূজারার লেখাও একই।
অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ‘লাভ’ ইমোজি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এই তারকা দম্পতিকে। ক্রিকেটের বাইরে থেকেও এসেছে শুভেচ্ছা। ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা লিখেছেন, ‘অভিনন্দন দুজনকে।’
গত ১০ বছরে বলিউডের সেরা অভিনেত্রীদের একজন আনুশকা। বেশ কিছু ব্লকবাস্টার সিনেমা উপহার দেওয়া এই অভিনেত্রীর ইনস্টগ্রামও ভাসছে শুভেচ্ছার জোয়ারে। অভিনন্দন জানিয়েছেন বলিউডের নামি তারকারা। তাদের মধ্যে পরিচালক-প্রযোজক করণ জোহর লিখেছেন, ‘ভালোবাসা, ভালোসাবা এবং অনেক ভালোবাসা।’ নামি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও বাদ যায়নি, লিখেছেন, ‘অনেক শুভেচ্ছা দুজনকে।’
এছাড়া অভিনন্দন জানানোর তালিকায় রয়েছেন বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুর, কাজল আগারওয়াল, পরিণীতি চোপড়া, ক্যাটরিনা কাইফ, কৃতি শ্যানন, দিয়া মির্জা ও বিপাশা বসুর মতো তারকারা।








