স্কোরটা একেবারে সহজও ছিল না। কিন্তু নিজেরা যদি ‘জীবন উপহার’ দিয়ে সুযোগ তৈরি করে দেন, তাহলে প্রতিপক্ষের পথটা তো সহজ হবেই! ভারতীয় ফিল্ডাররা ঠিক সেটাই করেছেন। গুরুত্বপূর্ণ সময়ে অধিনায়ক বিরাট কোহলি নিজেই ফেলেছেন সহজ ক্যাচ। দুর্দান্ত খেলতে থাকা জস বাটলারের উইকেটটি পেলে ম্যাচের মোড় হয়তো পাল্টেও যেত। কিন্তু সেটি হয়নি বলেই আরেকটি হার সঙ্গী হয়েছে ভারতের।
মঙ্গলবার সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ৮ উইকেটে জিতেছে ইংল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ভারতের ৬ উইকেটে করা ১৫৬ রান ১০ বল আগেই মাত্র ২ উইকেট হারিয়ে টপকে যায় ইংলিশরা। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা।
জীবন পেয়ে বাটলার খেলেছেন টি-টোয়েন্টির সর্বোচ্চ ৮৩ রানের ইনিংস। ৫২ বলে হার না মানা ইনিংসটি ইংলিশ উইকেটকিপার সাজিয়েছেন ৫ বাউন্ডারি ও ৪ ছক্কায়। তার সঙ্গে ৪০ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন জনি বেয়ারস্টো। তার ২৮ বলের ইনিংসটিতে ছিল ৫ বাউন্ডারির মার। ওপেনার জেসন রয় ৯ ও ডেভিড মালান করেন ১৮ রান।
মিস ফিল্ডিং ও ক্যাচ মিসের খেসরাত দিতে হয়েছে ভারতকে। যুজবেন্দ্র চাহালের বলে কোহলি ছেড়েছেন বাটলারের ক্যাচ। ওই চাহালও মিস করেছেন ক্যাচ।
ক্যাচ ছাড়লেও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন কোহলি। ৪৬ বলে খেলেছেন হার না মানা ৭৭ রানের ইনিংস। ঝড়ো ইনিংসটি তিনি সাজান ৮ বাউন্ডারি ও ৪ ছক্কায়। তবে জীবন পেয়েও ইনিংস বড় করতে পারেননি রোহিত শর্মা। টি-টোয়েন্টি সিরিজে ফিরে আউট হয়েছেন ১৫ রানে। এছাড়া ঋষভ পান্তের ব্যাট থেকে আসে ২০ বলে ২৫ রান। আর হার্দিক পান্ডিয়া ১৫ বলে করেন ১৭ রান।
ইংল্যান্ডের সবচেয়ে সফল বোলার মার্ক উড। এই পেসার ৩১ রানে নেন ৩ উইকেট। ২ উইকেট পেয়েছেন ক্রিস জর্ডান।









