নিউজিল্যান্ডের উইকেট অনেকটাই পেস বান্ধব হয়ে থাকে। তবে গত অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজে স্পিনারদের দাপটও ছিল চোখে পড়ার মতো। তবে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানালেন, সিরিজে তিন পেসার নিয়ে একাদশ সাজানোর পক্ষে তিনি।
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ গেছে ৭ জন বিশেষজ্ঞ পেসার নিয়ে। তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও রুবেল হোসেনের সঙ্গে রয়েছেন পার্ট-টাইমার সৌম্য সরকারও।
আগামী শনিবার তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে। সেই ম্যাচের একাদশ নিয়েই তামিম বললেন, ‘আমরা অবশ্যই অন্তত তিনজন পেসার নিয়ে নামবো, এতটুকু বলতে পারি। সাথে অলরাউন্ডার থাকবে।’
নিউজিল্যান্ডের মাঠগুলো তুলনামূলক একটু ছোট হয়ে থাকে। যে সুবিধা ব্যাটসম্যান প্রায়ই নিয়ে থাকে। এক্ষেত্রে দলে বিশেষজ্ঞ বোলার থাকা জরুরি। তাই একাদশে ৫ জন বিশেষজ্ঞ বোলার রাখার পক্ষে তামিম, ‘আমি অধিনায়ক হিসেবে অবশ্যই চাই পাঁচজন বোলার নিয়ে নামতে। কারণ নিউজিল্যান্ডের কন্ডিশনে চারজন বোলার নিয়ে খেলতে নামাটা অনেক সময় কঠিন হতে পারে। এখানে মাঠগুলো একটু ছোট হয়, হাই স্কোরিং গেম হয়। আমার কাছে মনে হয় পাঁচজন বিশেষজ্ঞ বোলার নিয়ে নামা উচিত। আর আমরা সেটাই করতে যাচ্ছি।’
এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিনিশার হিসেবে একাদশে সুযোগ পেয়েছিলেন সৌম্য। নিউজিল্যান্ড সিরিজে অবশ্য পজিশন পাল্টাচ্ছে তার। সৌম্য আবার টপ অর্ডার ফিরবেন বলে জানালেন তামিম, ‘আমরা যদি সৌম্যকে একাদশে সুযোগ দেই। তাহলে সে ওপরের দিকেই খেলবে।’









