টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে বিসিবির কাউকেই টেস্ট ছেড়ে দেওয়ার বিষয়টি জানাননি মাহমুদউল্লাহ। কেবলমাত্র সতীর্থদের নিজের অবস্থান জানিয়েছেন। সতীর্থরাই হারারে টেস্টের পঞ্চম দিনে মাঠে নামার আগে তাকে ‘গার্ড অব অনার’ দিয়ে সম্মান জানিয়েছেন। মঙ্গলবার দেশে ফিরে সাদমান ইসলাম জানালেন, দলকে অবসরের কথা জানানোর পর তারা সবাই মাহমুদউল্লাহকে বিদায়ী উপহার দিতে মরিয়া ছিলেন।
জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টর তৃতীয় দিনের সকালে মাহমুদউল্লাহ ড্রেসিংরুমে সতীর্থদের জানিয়ে দেন, এই টেস্টের পর তিনি আর লাল বলে খেলবেন না। তার এমন সিদ্ধান্তে সতীর্থরা অনেকেই অবাক হয়েছিলেন। সেই মুহূর্তের কথা উল্লেখ করে সাদমান জানিয়েছেন, ‘আমরা তো জানতাম না, এটা উনার শেষ ম্যাচ। রিয়াদ ভাই হুট করে ড্রেসিং রুমে আমাদের জানিয়েছেন। এরপরই সবাই চিন্তা করেছি যে রিয়াদ ভাইয়ের জন্য খেলবো। উনি বলার পর আমাদের ভালো করার ইচ্ছাটা আরও বেড়ে গিয়েছিল।’
শেষ ম্যাচ ধরেই মাহমুদউল্লাহকে বিদায়ী উপহার দিতে মরিয়া ছিলেন সতীর্থরা। পাশাপাশি তার বিদায়ী ম্যাচ হওয়া সতীর্থরা মন মরাও হয়েছিলেন, ‘উনি আমাদের দলের জন্য যা করে গেছেন, তাতে সবাই একটু মন খারাপ করেছিলাম। পরে সবাই ভেবেছি, যে করেই হোক শেষ ম্যাচটা উনার জন্য খেলতে হবে। মনে হয়েছিল যে উনার জন্য হলেও ম্যাচটা জিততে হবে। সবার ইচ্ছে ছিল, শেষ মুহূর্তটা উনাকে উৎসর্গ করবো। আমরা সেভাবেই করছি।’
সে কারণেই গত রবিবার ম্যাচ শেষে মাহমুদউল্লাহকে ঘিরে উৎসব চলে হারারেতে। ম্যাচসেরার পুরস্কার নেওয়ার পর এই অলরাউন্ডারকে জড়িয়ে ধরেন সাকিব আল হাসান। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব ছবি দিয়ে মাহমুদউল্লাহর প্রতি নিজেদের ভালোবাসা প্রকাশ করেছেন তারা।
গত বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে টেস্টে হতাশাজনক পারফরম্যান্সের পর থেকেই গুঞ্জন ওঠে, টেস্ট থেকে বাদ পড়ছেন মাহমুদউল্লাহ। সেই গুঞ্জন সত্যিও হয় জিম্বাবুয়ের বিপক্ষে ঠিক তার পরের একমাত্র টেস্টে বাদ পড়ে। এমনকি গত বছরের মার্চে বিসিবি ঘোষিত কেন্দ্রীয় টেস্ট চুক্তিতেও রাখা হয়নি তাকে। স্বাভাবিকভাবেই ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে লাল বলে উপেক্ষিত ছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, অভিমানেই মাহমুদউল্লাহর এমন সিদ্ধান্ত!
প্রসঙ্গত, ৫০ ম্যাচে ৯৪ ইনিংসে মাহমুদউল্লাহর রান ২ হাজার ৯১৪। ৩৩.৪৯ গড়ে ৫ সেঞ্চুরি ও ১৬ হাফসেঞ্চুরি আছে তার নামের পাশে। এছাড়া ৬৬ ইনিংসে বোলিং করে ৪৩ উইকেট নিয়েছেন।








