জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের বিপক্ষে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ৬ উইকেটে ২৯৬ রান করেছে। অধিনায়ক তামিম ইকবাল খেলেছেন ৬৬ রানের ইনিংস। আর সাকিব আল হাসানের ব্যাট থেকে এসেছে ৩৭ রান।
হাইফিল্ডের তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাবে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে বাংলাদেশ। তামিম ও নাঈম শেখ মিলে ওপেনিং জুটিতে ৮৭ রান যোগ করেন। নাঈম ২৫ রানে বিদায় নিলে জুটি ভাঙে তাদের। ৬২ বলে ১১ চার ও ১ ছয়ে ৬৬ রানের ইনিংস খেলে আউট হন তামিম।
এরপর লিটন (২) দ্রুত বিদায় নিলেও ধীরস্থির ব্যাটিংয়ে সাকিব খেলেন ৩৭ রানের ইনিংস। ৬০ বলে এক চারে বাঁহাতি ব্যাটসম্যান তার ইনিংসটি সাজিয়েছেন।
এছাড়া মোহাম্মদ মিঠুন ৪২ বলে ৫ চার ও ১ ছয়ে ৩৯ রান করে স্বেচ্ছায় সাজঘরে ফেরেন। মোসাদ্দেক হোসেনও ৩০ বলে ৩৬ রান করে স্বেচ্ছায় অবসরে যান। আফিফ হোসেনের ২৩ বলে ২৮ ও মোহাম্মদ সাইফউদ্দিন ১২ রানের ইনিংস খেলেছেন।








