নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে দ্রুততম গতির বলটির মালিক পেসার শেন বন্ড। অবসরে চলে গেছেন অনেক দিন আগে। পরবর্তীতে কিউইদের হয়ে কোচিংয়ের অভিজ্ঞতাও হয়েছে ২০১২-১৫ সালে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আবার সেই বন্ডের দ্বারস্থ হয়েছে নিউজিল্যান্ড। সংযুক্ত আরব আমিরাতে দলটির চতুর্থ কোচ হিসেবে যোগ দেবেন ৪৬ বছর বয়সী সাবেক কিউই পেসার।
নিউজিল্যান্ডের সাবেক পেসার দলটিতে মোটেও অচেনা কেউ নন। ২০১২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত তিন বছর বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও কাজ করেছেন। দলের সঙ্গে যোগ দেওয়ার আগে আগামী মাসে আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্সে বোলিং কোচ হিসেবে কাজ করবেন। মূলত সেই অভিজ্ঞতাই কাজে লাগাতে চাইছে নিউজিল্যান্ড। আগে থেকে কিউইদের বোলিং কোচের ভূমিকায় রয়েছেন শেন জার্গেনসেন।
এখন বন্ডের মতো একজন পেসারকে যুক্ত করতে পেরে উচ্ছ্বসিত নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিডও। তার কারণও ব্যাখ্যা করেছেন তিনি, ‘ও আমাদের পরিবেশ সম্পর্কে আগে থেকেই অবগত। ভালো করে জানে আমরা দল হিসেবে কেমন। বিশ্বকাপের আগে যেহেতু সে আরব আমিরাতে আইপিএলে থাকবে, তাই মনে হয় সেখানকার কৌশলগত বিষয়গুলো দলের কাছে সহজে উপস্থাপন করতে পারবে।’









