ভারতের করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ায় আইপিএল স্থগিতের ঘোষণা আসে গত ৪ মে। পরে স্থগিত হওয়া এই টুর্নামেন্টটির বাকি অংশ আয়োজনের সিদ্ধান্ত হয় আগামী ১৯ সেপ্টেম্বর থেকে। সংযুক্ত আরব আমিরাতে লিগের বাকি অংশে খেলতে ইতোমধ্যে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ বরাবর অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। তাদের অনাপত্তিপত্র দেওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন বিভাগটির চেয়ারম্যান আকরাম খান।
রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আকরাম খান সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘মোস্তাফিজ অনুমতি চেয়ে কিছুদিন আগেই আবেদন করেছে। এনওসির জন্য সাকিবও গতকাল (শনিবার) আবেদন করেছে। বিশ্বকাপের আগে আমাদের ক্রিকেটারদের জন্য এটা ভালো সুযোগ। ওই কন্ডিশনে আমরা বিশ্বকাপ খেলবো। ফলে দলের জন্য খুব উপকারে আসবে।’
অনাপত্তিপত্র দেওয়ার ব্যাপারে কোন সিদ্ধান্ত না হলেও আগামী ১ সেপ্টেম্বর এ ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন আকরাম খান, ‘আমরা ১ তারিখ ওই সিদ্ধান্ত নিবো। এটা তো আমাদের জন্য অনেক ভালো একটু সুযোগ যে, আমাদের ক্রিকেটাররা আইপিএলের মতো একটু টুর্নামেন্টে খেলবে। যার মান অনেক উঁচু। বোর্ড এনওসির ব্যাপারে ইতিবাচক আছে।’
এদিকে চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার সুযোগ পাননি সাকিব। গত ২৬ আগস্ট থেকে শুরু হয়েছে সিপিএল। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ থাকায় এই টুর্নামেন্ট খেলার কোন সুযোগ তার ছিল না।
প্রসঙ্গত, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে স্থগিত হওয়া আইপিএলের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। ১৫ অক্টেবর হবে প্রতিযোগিতার ফাইনাল। এই আসরে সাকিব খেলেছেন কলকাতা নাইট রাইডার্সে, মোস্তাফিজুর রহমান রাজস্থান রয়্যালসে।
কলকাতার হয়ে সাকিবের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। তিন ম্যাচে ব্যাট হাতে করেছেন ৩৮ রান, আর বল হাতে নিয়েছেন ২ উইকেট। অন্যদিকে মোস্তাফিজের পারফরম্যান্স ছিল নজরকাড়া। ৭ ম্যাচ খেলে তার উইকেট সংখ্যা ৮টি।









