পাতানো ম্যাচ ও স্পট ফিক্সিংসহ নানান কারণে আরামবাগ ক্রীড়া সংঘের কর্মকর্তা ও খেলোয়াড়দের ওপর শাস্তি আরোপ হয়েছে। ক্লাবটি আগামী দুই বছরের জন্য প্রথম বিভাগে নেমে গেছে। এছাড়া বিভিন্ন মেয়াদে শাস্তি পেয়েছেন কর্তাব্যক্তিরা। ক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় এবার সাবেক সভাপতি মিনহাজুল ইসলাম মিনহাজের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করেছে আরামবাগ।
সিএমএম আদালতে এই মামলা করেছেন ক্লাবটির সাধারণ সম্পাদক ইয়াকুব আলী।
এ্ই প্রসঙ্গে আরামবাগের এই কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ক্লাবের উন্নতির জন্য মিনহাজকে সভাপতি করা হয়েছিল। কিন্তু উল্টো ক্লাবের সর্বনাশ করে গেছেন। পাতানো ম্যাচের অভিযোগে ক্লাবটি এখন ধুঁকছে। এর জন্য দায়ী মিনহাজ নিজেই। তার জন্য ক্লাবের ১০ কোটি টাকা মানহানি ও ক্ষতি হয়েছে। তাই আমরা মামলা করেছি।’









