বাংলাদেশ সফরে জিম্বাবুয়ের ব্যাটিং পরামর্শক হয়ে এসেছেন সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক মারভান আতাপাত্তু। সীমিত সময়ের জন্য হলেও জিম্বাবুয়ের কৌশলগত দিক নিয়েই কাজ করবেন বলে জানালেন সাবেক লঙ্কান এই ক্রিকেটার।শনিবার সংবাদ মাধ্যমকে বলেন, ‘যদিও এটা আমার জন্য চ্যালেঞ্জিং। আমি তাদের সঙ্গে এই সিরিজের শেষ পর্যন্ত আছি। আগামী ১০ দিন আমি তাদের (জিম্বাবুয়ের) কৌশলগত এবং প্রযুক্তিগত দিকগুলোতে সাহায্য করবো।’
এসময় শুক্রবার প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে করা ১৬৩ রানকে যথেষ্ট মনে করছেন না আতাপাত্তু। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই স্কোর জয়ের জন্য যথেষ্ট ছিল না। আরও ২০টি রান আমাদের স্কোরবোর্ডে থাকলে ভালো হতো। কিন্তু বাংলাদেশের দারুণ বোলিংয়ের কারণে দুর্ভাগ্যবশত সেটা হয়নি। আমরা স্মার্ট ব্যাটিং করতে পারিনি। পরের ম্যাচে সেটা শুধরে নেওয়ার চেষ্টা করবো।’
উল্লেখ্য, বাংলাদেশ সিরিজেই নতুন ব্যাটিং পরামর্শক নিয়ে কাজ শুরু করেছে জিম্বাবুয়ে। এই সিরিজে সফরকারীদের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পান সাবেক শ্রীলঙ্কান গ্রেট মারভান আতাপাত্তু। একই সঙ্গে তাদের সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক দক্ষিণ আফ্রিকার পেসার মাখায়া এনটিনিকে।
এনটিনিকে দায়িত্ব দেওয়া হলেও তিনি আগামী ফেব্রুয়ারি থেকে দলের সঙ্গে কাজ শুরু করবেন। আর বর্তমানে জিম্বাবুয়ে দলের প্রধান কোচ হিসেবে রয়েছেন সাবেক বাংলাদেশ কোচ ডেভ হোয়াটমোর।
/আরআই/এফআইআর/







