সোমবার খুলনায় হোটেল সিটি ইনে জাতীয় দলের অধিনায়ক (টি-টোয়েন্টি ও ওয়ানডে) মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে লেখা বই ‘মাশরাফি’র মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে সতীর্থদের নিয়ে মাশরাফির প্রশ্নত্তোর পর্ব রাখা হয়। এ সময় মাশরাফিকে বিভিন্ন প্রশ্নবাণে জর্জরিত করেন তার সতীর্থরা। যদিও মাশরাফি ‘সতীর্থ সাংবাদিকদের’ ছুঁড়ে দেওয়া প্রশ্ন চতুরতার সঙ্গেই সামলেছেন।
অভিজ্ঞ ক্রিকেটার ইমরুল কায়েস প্রথম প্রশ্ন করেন মাশরাফিকে। মূলত ইমরুলের প্রশ্নের উত্তরেই মাশরাফি তার আত্মজীবনী লেখার কথা জানান। এরপর প্রশ্ন করেন তাসকিন আহমেদ। তিনি মাশরাফিকে জিজ্ঞেস করেন, 'আপনি এই জায়গায় আসবেন, এটা কি শুরু থেকে জানতেন?' এমন প্রশ্ন শুনে মাশরাফি হেসে তাসকিনকে উত্তর করেন, ‘হিরো তোকে নিয়ে আরও বড় বই লেখা হবে।’
তার কথা শুনে তাসকিনও বেশ লজ্জাই পেলেন। ক্যারিয়ারের শুরু থেকেই যাকে গুরু মেনে বড় হচ্ছেন তার এমন কথায় উজ্জীবিত তরুণ এই ক্রিকেটার।
তাসকিনের পর মাশরাফির কাছে প্রশ্ন রাখেন জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়েন। এমন ইনজুরি সত্ত্বেও কিভাবে খেলে যাচ্ছেন? জবাবে মাশরাফি প্রায় ১০ মিনিট সময় নিয়ে তার ক্যারিয়ারের ইনজুরির চিত্র তুলে ধরেন।
/এমআর/







