টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন আগেই শেষ। তাই সংযুক্ত আরব আমিরাত ও ওমানের বিশ্বকাপে শেষবার মাঠে নেমেছে বাংলাদেশ। দুবাইয়ের ম্যাচে টস হেরে ব্যাটিং পেয়েছে মাহমুদউল্লাহরা। টস জয়ী অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
বিশ্বকাপের শেষ ম্যাচে বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে বসিয়ে ফেরানো হয়েছে পেসার মোস্তাফিজুর রহমানকে। অস্ট্রেলিয়ার একাদশেও একটি বদল। বাদ পড়েছেন স্পিনার অ্যাস্টন অ্যাগার, ফিরেছেন অলরাউন্ডার মিচেল মার্শ।
বাংলাদেশের বিশ্বকাপ শেষ, তারপরও এই ম্যাচের গুরুত্ব আছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়ে হয়তো বিশ্বকাপের পয়েন্ট টেবিলে কোনও প্রভাব ফেলবে না, তবে ‘লাভ’ ঠিকই আছে। বিশ্বকাপ দিয়েই বিশ্বকাপের পথ তৈরি হতে পারে। সেটা কীভাবে? এই ম্যাচ জেতার মধ্য দিয়ে আগামী বছরের অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলার সুযোগ তৈরি হবে। জিতলে র্যাঙ্কিংয়ে উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু হারলে প্রতিবারের মতো প্রাথমিক পর্বে খেলে সুপার টুয়েলভ নিশ্চিত করতে হবে বাংলাদেশকে। অন্যদিকে অস্ট্রেলিয়ার জন্য ম্যাচটি বাঁচা-মরার। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে জিততেই হবে অজিদের।
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, লিটন দাস (উইকেটকিপার), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।








