মাহিন্দা রাজা পাকসে চার জাতি ফুটবলে ফেভারিট ভাবা হচ্ছে মালদ্বীপকে। কাল শনিবার এই দ্বীপদেশটির প্রতিপক্ষ বাংলাদেশ। প্রথম ম্যাচে হোঁচট খেয়ে এখন এই ম্যাচের তিন পয়েন্টেই চোখ জামাল-তপুদের।
দুটি দলেরই শুরুটা ছিল অপ্রত্যাশিত। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ৪ গোলে এগিয়ে থেকেও সমতা নিয়ে মাঠ ছেড়েছে মালদ্বীপ। বাংলাদেশ-সেশেলস ম্যাচে এত গোল হয়নি যদিও। কিন্তু অপ্রত্যাশিত ড্র নিয়ে মাঠ ছেড়েছে জামাল ভূঁইয়ারাও! ফলে দুই দলেরই অর্জন ১ পয়েন্ট।
ফলে প্রথম জয়ের লক্ষ্যে নামছে দুই দলই। তবে ম্যাচ জয় যে সহজ হবে না, তা জানেন বাংলাদেশ কোচ মারিও লেমস। বিশেষ করে সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের কাছে ২-০ গোলে হেরে যাওয়া ম্যাচ দেখার পর এখন তার এমনই উপলব্ধি। কলম্বোতে সংবাদ সম্মেলনে পর্তুগিজ কোচ বলেছেন, ‘সেশেলসের বিপক্ষে ম্যাচের চেয়ে মালদ্বীপ ম্যাচ নিয়ে পরিকল্পনা করা সহজ। সিশেলসের সম্পর্কে আমাদের কাছে তেমন কোন তথ্য ছিল না। মালদ্বীপের বিপক্ষে কদিন আগে সাফ চ্যাম্পিয়নশিপে খেলেছি, তারা সবচেয়ে বেশি কোন উপায়ে খেলে, তা জানা আছে। ম্যাচ সহজ হবে না। তবে পরিকল্পনা সাজাতে বিষয়টি সহায়ক ভূমিকা পালন করবে।’
প্রথম ম্যাচে ড্র হওয়ায় এখন তিন পয়েন্টেই চোখ ৩৫ বছর বয়সী কোচের, ‘প্রথম ম্যাচে যে ফল চেয়েছিলাম, সেটা পাইনি। মালদ্বীপের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চাই। ৩ পয়েন্ট পেতে চাই।’
মালদ্বীপের বিপক্ষে যদিও সুযোগ সেভাবে আসবে কম। তবে জিততে হলে প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে হবে। লেমসও তাই মনে করছেন, ‘এটা কঠিন ম্যাচ। আলী আশফাক আছে। তারা পজেশন ভিত্তিক খেলে, বলের নিয়ন্ত্রণ রাখতে চায়। কিন্তু যখন তাদের পজেশন থাকবে, আমরাও খেলার জায়গা পাবো এবং সে সুযোগ নিতে হবে।’
পাশাপাশি তাদের তিন ফরোয়ার্ডকেও আটকানোর ভাবনা বাংলাদেশ শিবিরের। বিশেষ করে আলী আশফাক-আলী ফাসির ও আসাদুল্লাহ আব্দুল্লাহ ত্রয়ীকে নিয়েই যত ভয়। তাই তো জামাল সতর্ক কন্ঠে বলেছেন, ‘ওদের ফরোয়ার্ড লাইনে তিন খেলোয়াড়কে আটকাতে হবে। এর বাইরে আমি মনে করি না বাকি খেলোয়াড়রা ওদের মানের। তো সামনে যারা খেলবে, তাদের আটকাতেই হবে। ওদের পাসিংও স্টপ করতে হবে।’
এই ম্যাচ হেরে গেলে প্রতিযোগিতা থেকে একরকম বিদায় বলতে হবে বাংলাদেশকে। তবে জামালরা দেশের জন্য শতভাগ দিয়ে খেলতে চাইছেন, ‘আগামীকাল আমাদের দিন হবে এবং দুর্দান্ত কিছু করতে পারি। আশা করি, তিন পয়েন্ট পাবো। শুধু আমাদের জন্য নয়, ম্যাচটা মালদ্বীপের জন্যও গুরুত্বপূর্ণ। তাই দুই দলই আক্রমণাত্মক খেলবে। এখন দেশের জন্য, দেশের মানুষের জন্য এবং আমাদের জন্য শতভাগ দিয়ে লড়াই করবো।’









