ব্যাটিংয়ে আরও অবনতি বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২১, ১৫:৫৬আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৬:০৫

উন্নতি হবে কী, তা নয়, উল্টো আরও অবনতি! পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আবারও ব্যাটিংয়ে ব্যর্থ বাংলাদেশ। প্রথম ম্যাচে তবু ১২৭ করতে পেরেছিল, আজ (শনিবার) ওই পর্যন্তও যাওয়া হয়নি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে করতে পেরেছে ১০৮ রান।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বোলারদের সামনে মোটেও সুবিধা করতে পারেনি বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপ বাড়িয়েছে। দুই ওপেনারের ব্যর্থতার পরও বড় স্কোরের সম্ভাবনা উঁকি দিয়েছিল নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেনের ব্যাটে। কিন্তু আফিফের বিদায়ের পর সব এলোমেলো। তাই মাত্র ১০৮ রানের বেশি স্কোরে ওঠেনি।

সর্বোচ্চ ৪০ রান শান্তর। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেছেন আফিফ। মাহমুদউল্লাহ ১২ ও নুরুল হাসান সোহান ১১- এই হলো দুই অঙ্কের ঘরে যাওয়া স্কোরগুলো। এছাড়া পুরোপুরি ব্যর্থ হয়েছেন দুই ওপেনার নাঈম শেখ (২) ও সাইফ হাসান (০)।

পাকিস্তানের সবচেয়ে সফল বোলার শাহীন আফ্রিদি। বাঁহাতি পেসার ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। তার সমান উইকেট নিতে শাদাব খানের খরচ ২২ রান। আর একটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ ও মোহাম্মদ নওয়াজ।

৫ রানে দুই ওপেনারকে হারালো বাংলাদেশ

টপ অর্ডার ব্যর্থ হওয়ার পরও একাদশে কোনও পরিবর্তন আনেনি বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টির মতো দ্বিতীয় ম্যাচেও ইনিংস শুরু করেছেন দুই ওপেনার সাইফ হাসান ও নাঈম শেখ। আগের ম্যাচের মতোই পরিণতি তাদের, তাই ভাগ্য বদলায়নি বাংলাদেশের। ৫ রানে দুই ওপেনারকে হারিয়েছে।

কিছুই করতে পারেননি সাইফ। শুক্রবার অভিষেক ম্যাচের ব্যর্থতা আরও বেশি করে জেঁকে বসেছিল তার ঘাড়ে। সে কারণেই হয়তো শাহীন আফ্রিদির সামনে মুখোমুখি প্রথম বলেই ফিরতে হলো সাজঘরে। পাকিস্তানি পেসারের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়েছেন ‘গোল্ডেন ডাক’ মেরে। রানের খাতা খুলতে না পারা এই ওপেনারের বিদায়ে কোথায় নাঈম দলের হাল ধরবেন, তা নয়, উল্টো তিনিও ফিরে গেলেন।

মাত্র ২ রান করে মোহাম্মদ ওয়াসিমের শিকার নাঈম। বের হয়ে যাওয়া বল তার ব্যাটে লেগে গেলে প্রথম স্লিপে দাঁড়ানো ফখর জামান নেন দারুণ এক ক্যাচ। তাতে ৮ বলে মাত্র ২ রান করে ফিরে যান বাঁহাতি ওপেনার।

ক্যাচ প্র্যাকটিস করালেন আফিফ!

ভালো খেলতে খেলতে উইকেট বিলিয়ে আসার ঘটনা আগের ম্যাচেও দেখা গিয়েছিল আফিফ হোসেনের ‘সৌজন্যে’। সেই আফিফ আবারও সম্ভাবনাময় এক ইনিংসের সমাপ্তি টানলেন সফট ডিসমিসালে। যেভাবে আউট হলেন যেন উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানকে ক্যাচ প্র্যাকটিস করালেন বাঁহাতি ব্যাটার!

শাদাব খানের বলে আউট হয়ে গেছেন আফিফ। দ্রুত দুই ওপেনারের বিদায়ে দাঁড়িয়ে গিয়েছিলেন এই ব্যাটার। চমৎকার সব শটে বড় ইনিংসের ইঙ্গিত দিয়েছিলেন। শাহীন আফ্রিদিকে মারা ছক্কাটি ছিল দেখার মতো। কিন্তু ভালো খেলতে খেলতেই খেই হারালেন আফিফ। শাদাবের বলে রিভার্স প্যাডেলের প্রস্তুতি নিয়েছিলেন তিনি। কিন্তু বল তার ব্যাটের ওপরের দিকে লেগে উঠে যায়। সহজ ক্যাচটি গ্লাভসে নিতে কোনও অসুবিধাই হয়নি রিজওয়ানের।

হতাশ হয়ে মাঠ ছাড়ার আগে আফিফ ২১ বলে করেন ২০ রান। ইনিংসটি সাজান ১ বাউন্ডারি ও ১ ছক্কায়।

মাহমুদউল্লাহর বিদায়

আবারও ব্যর্থ মাহমুদউল্লাহ। ক্রিজে আসার পরই আউটের সিদ্ধান্ত দেখতে হয়েছিল। যদিও রিভিউ নিয়ে বেঁচে যান। তবে ইনিংস লম্বা করতে পারেননি। ১২ রান করে আউট হয়ে গেছেন বাংলাদেশ অধিনায়ক।

দলে একমাত্র সিনিয়র খেলোয়াড় তিনি। তার ওপর আবার অধিনায়ক। বাড়তি দায়িত্বে মাহমুদউল্লাহ যেন আরও চাপে। দলের প্রয়োজনের সময় আরেকবার মুখ লুকালেন। হারিস রউফের বলে উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে ধরা পড়েন তিনি। ১৫ বলে খেলা ১২ রানের ইনিংসে মেরেছেন একটি বাউন্ডারি।

চমৎকার ক্যাচে শান্তর ইনিংসের সমাপ্তি

দারুণ এক ইনিংসের সমাপ্তি চমৎকার এক ক্যাচে। ‍প্রয়োজনের সময় দলের হাল ধরা নাজমুল হোসেন শান্ত আউট হয়ে গেছেন। শাদাব খানের রিটার্ন ক্যাচে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি।

বলতে গেলে একেবারে শুরুতেই ক্রিজে আসতে হয় শান্তকে। ইনিংসের পঞ্চম বলে সাইফ হাসান প্যাভিলিয়নে ফিরলে তিন নম্বরে নামেন বাঁহাতি ব্যাটার। চাপের মধ্যেও পাকিস্তানি বোলারদের ওপর চড়াও হয়ে খেলেছেন। বল বুঝে রক্ষণাত্মক হয়েছেন যেমন, তেমনি হাত খুলে চমৎকার সব শট খেলেছেন। কিন্তু শাদাব খানের ঝাঁপিয়ে পড়া ক্যাচে ৪০ রানে থামতে হয় তাকে।

শাদাবের বল লেগ সাইডে ঠেলে দিয়েছিলেন শান্ত। কিন্তু বোলিং পজিশন থেকে বেশ খানিকটা দূর ঝাঁপিয়ে বল তালুতে জমান শাদাব নিজেই। ৪০ রানে থামা শান্ত ৩৪ বলের ইনিংসটি সাজান ৫ বাউন্ডারিতে।

মেহেদীর ব্যাট হাসলো না

দলের অবস্থা যাইহোক, ব্যাটিংয়ে কমবেশি অবদান রাখেন শেখ মেহেদী হাসান। প্রথম টি-টোয়েন্টিতেই যেমন ২০ বলে হার না মানা ৩০ রানের ইনিংস খেলেছিলেন। তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হাসলো না মেহেদীর ব্যাট। ৩ রান করে আউট হয়ে গেছেন তিনি।

আজ (শনিবার) শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নামা স্বাগতিকদের স্কোর ১৮ ওভারে ৬ উইকেটে ১০০ রান।

মোহাম্মদ নওয়াজকে রিটার্ন ক্যাচ দিয়ে ফিরেছেন মেহেদী। ‍উঁচিয়ে মারার চেষ্টা করেছিলেন, কিন্তু ঠিকমতো খেলতে পারেননি। বল সরাসরি চলে যায় বোলারের কাছে। নওয়াজ ক্যাচ নিতে ভুল করেননি। ৮ বলে ৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন মেহেদী।

/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি