জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ ড্র করে আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে এক ধাপ নিচে নেমে গেছে বাংলাদেশ দল। বর্তমানে স্কটল্যান্ডের নিচে নেমে বাংলাদেশ দলের অবস্থান ১১ নম্বরে।
সিরিজ শুরুর আগে টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বাংলাদেশ ছিল দশম স্থানে। চার ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে জিতলেও পরের দুই ম্যাচে টানা হারে সিরিজ ড্র করে বাংলাদেশ। এর ফলে র্যাংকিংয়ে ৫ রেটিং পয়েন্ট হারিয়েছে মাশরাফিরা।
বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৬৪। ৬৬ পয়েন্ট নিয়ে দশে স্কটল্যান্ড। সিরিজ ড্র করে অবশ্য উন্নতি হয়নি জিম্বাবুয়ের। আগের ১৪ নম্বরেই আছে তারা। তবে যোগ হয়েছে ৪ রেটিং পয়েন্ট। আগের মতোই টি-টোয়েন্টি র্যাংকিংয়ে শীর্ষে আছে ওয়েস্ট ইন্ডিজ।
এদিকে আইসিসির অলরাউন্ডার টি-টোয়েন্টি র্যাংকিংয়ে সাকিব আল হাসান শীর্ষে থাকলেও বোলিংয়ে শীর্ষ দশ থেকে ছিটকে গেছেন সাকিব। দুই ধাপ নেমে বর্তমানে ১২তম স্থানে রয়েছেন সাকিব আল হাসান। তবে বোলিংয়ে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি লাফ দিয়েছেন মুস্তাফিজুর রহমান। ৭০ ধাপ এগিয়ে ৩৭তম স্থানে রয়েছেন মুস্তাফিজ। দুই ধাপ এগিয়ে ৩৩তম স্থানে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ১৫ ধাপ এগিয়ে ৩৫তম স্থানে রয়েছেন আল আমিন হোসেন।
ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে বেশ এগিয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের বিপক্ষে সিরিজ সেরা জিম্বাবুয়ে ব্যাটসম্যান হ্যামিলটন মাসাকাদজা। ১১ধাপ এগিয়ে অষ্টম স্থানে রয়েছেন তিনিৃ।
/এফআইআর/








