ভারতের বিপক্ষে টেস্টে ইতিহাস গড়েছেন এজাজ প্যাটেল। ক্রিকেট ইতিহাসের মাত্র তৃতীয় বোলার হিসেবে ইনিংসে ১০ উইকেট নিয়েছেন এই স্পিনার। অথচ পরের সিরিজেই নিউজিল্যান্ডের একাদশে জায়গা হলো না তার! বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ঘোষিত কিউই দলে নেই এজাজ। কেন উইলিয়ামসনের চোটে এই সিরিজে স্বাগতিকদের নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।
এ মাসের শুরুতে মুম্বাই টেস্টে এক ইনিংসে একাই ১০ উইকেট নিয়েছিলেন এজাজ। তবে তাকে বাদ দিয়ে রাচিন রবীন্দ্রর ওপর আস্থা রেখেছে নিউজিল্যান্ড। এদিকে চোট কাটিয়ে ফিরেছেন ডেভন কনওয়ে। চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল মিস করা এই ব্যাটার খেলতে পারেননি ভারত সফরে। সুস্থ হয়ে ফিরেছেন বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে।
তবে আবারও দর্শক হয়ে যেতে হয়েছে উইলিয়ামসনকে। কনুইয়ের চোট কাটিয়ে সুস্থ হওয়ার মিশনে আছেন কিউই অধিনায়ক।
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের প্রথমটিতে বাংলাদেশ মাঠে নামছে নতুন বছরের প্রথম দিনে। ১ জানুয়ারি টেস্ট শুরু হবে মঙ্গানুইয়ে।
নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড: টম ল্যাথাম (অধিনায়ক), ডেভন কনওয়ে, উইল ইয়ং, রস টেলর, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), রাচিন রবীন্দ্র, কাইল জেমিসন, টিম সাউদি, নিল ওয়াগনার, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট।









