শিরোপা ধরে রাখতে বিশ্বমঞ্চে বাংলাদেশ, সম্ভাবনা কতটা?

রবিউল ইসলাম
১৩ জানুয়ারি ২০২২, ১৪:৫০আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৫:০৯

আকবর আলীর নেতৃত্বে দুই বছর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। বৈশ্বিক কোনও টুর্নামেন্টে ওটাই বাংলাদেশের প্রথম কোনও ট্রফি জয়। আকবর-শরিফুল-শামীমদের প্রস্তুত করতে যথেষ্ট সময় পেয়েছিল বিসিবির গেম ডেভলপমেন্ট। কিন্তু করোনা মহামারীর কারণে আইচ-মাহফিজুল-রিপনদের প্রস্তুতিটা ঠিক যথার্থ হয়নি। শুক্রবার ক্যারিবীয় দ্বীপে পর্দা উঠবে যুব বিশ্বকাপের। রবিবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের যুবাদের বিশ্বকাপ মিশন। বর্তমান চ্যাম্পিয়নরা কি পারবে শিরোপা ধরে রাখতে?

বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে দলগুলো দেশে-বিদেশে প্রচুর ম্যাচ খেলে থাকে। আকবর-মাহমুদুলরা সব মিলিয়ে ৩৫ ম্যাচ খেলে বিশ্বকাপে গিয়েছিল। কিন্তু বর্তমান যুব দল বিশ্বকাপের ওয়ার্ম-আপসহ মাত্র ১৪টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে মোটামুটি ভালো করলেও শ্রীলঙ্কা সফরে গিয়ে সব ম্যাচই হারতে হয় লাল-সবুজ জার্সিধারীদের। 

শ্রীলঙ্কায় এমন বাজে ফলাফলের পর দলে ডাক পড়ে রাকিবুল হাসান ও তানজিম হাসান সাকিবের। রাকিবুলের নেতৃত্বে ভারতে তিন দলের টুর্নামেন্টে শিরোপা জেতে বাংলাদেশ। ওই শিরোপা জেতার পর ব্যাটিং নিয়ে দুচিন্তা অনেকটাই কেটে গিয়েছিল। যদিও এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতা কিছুটা হলেও দুচিন্তা বাড়াচ্ছে বাংলাদেশ শিবিরে। বিশেষ করে, টপ অর্ডারের ব্যাটাররা নিয়মিত রান পাচ্ছেন না। দলের নিয়মিত ওপেনার ইফতেখার হোসেন বেশ কয়েক ম্যাচ ধরেই রান খরায় ভুগছেন। বিশ্বকাপ শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচেও রান পাননি এই ওপেনার।

যদিও ব্যাটিং কোচ মেহরাব হোসেন অপি চিন্তিত নন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘করোনার কারণে প্রস্তুতির কিছুটা ঘাটতি থাকলেও এখন ছেলেরা প্রস্তুত। ব্যাটিং নিয়ে কিছুটা দুচিন্তা আমাদের ছিল। কিন্তু সেটি কেটে গেছে। দুই-একজন ব্যাটার হয়তো রানে নেই। কিন্তু তারা খুব ভালো ব্যাটার। তাছাড়া আমাদের যথেষ্ট বিকল্পও আছে। আমরা আমাদের সেরা কম্বিনেশন দাঁড় করিয়ে ফেলেছি। সব মিলিয়ে তাই চিন্তার কোনও কারণ নেই।’

এদিকে বোলিং কোচ তালহা জুবায়ের এই দল নিয়ে ভীষণ আত্মবিশ্বাসী। তার মতে, বর্তমান দলটি আকবরদের চেয়েও ভালো। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘আমার মনে হয়, এই দলটি আকবরদের চেয়েও ভালো দল। কোচও (নাভিদ নেওয়াজ) সেই কথাই বলেছে। পার্থক্য কেবল ওরা একটু কম অভিজ্ঞ। ম্যাচ খেলার অভিজ্ঞতা খুব একটা নেই। আকবররা যে পরিমাণ ম্যাচ খেলার সুযোগ পেয়েছে, তারা সেটি পায়নি।’

দলে বেশ কয়েকজন পেস বোলিং অলরাউন্ডার আছে উল্লেখ করে সাবেক এই পেসার বলেছেন, ‘আমাদের দলে বেশ কিছু অলরাউন্ডার আছে। ওরা পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও করতে পারে। মুশফিক হাসান, রিপন মণ্ডল, আশিকুর রহমান সবাই দুর্দান্ত। আশিকুর তো ভারতে দুটি ম্যাচ ব্যাটিং করেই জেতালো। সব মিলিয়ে এই দলটা দুর্দান্ত।’

বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন খুব কাছ থেকে ক্রিকেটারদের দেখেছেন। বিশ্বকাপ দলের বেশিরভাগ ক্রিকেটার তার হাতে গড়া। তার বিশ্বাস, এই দলটি চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে পারবে, ‘আমাদের স্বপ্ন তো চ্যাম্পিয়ন হওয়া। এমনিতেই আমরা চ্যাম্পিয়ন দল হিসেবে বিশ্বকাপ খেলবো। ওই লক্ষ্যেই দলটা গঠন করেছি। আমাদের দলে দারুণ সব ক্রিকেটার রয়েছে। পুরো দলটিই ভারসাম্যপূর্ণ।’

ভালো বিকল্প থাকায় ব্যাটিং নিয়ে চিন্তিত নন শিপনও, ‘শুরুর দিকে আমরা যে সিরিজগুলো খেলেছি ওই সিরিজগুলোর সময় উইকেটগুলো আপ টু মার্ক ছিল না। ফলে ব্যাটিংটা একদম করতে পারিনি। আমরা আসলে নানাভাবে কম্বিনেশন সেট করার চেষ্টা করেছিলাম। বিভিন্ন সময় ব্যাটিং অর্ডারে রদবদল করা হয়েছে। যে কারণে ব্যাটাররাও একটু অস্বস্তিতে ছিল। কিন্তু এই মুহূর্তে দলের অবস্থা খুব ভালো। সবাই ভালো উইকেটে খেলেছে, কম্বিনেশনটাও দাঁড়িয়ে গেছে। কোথায় কোথায় কোন খেলোয়াড় খেলবে, আমরা এই ব্যাপারে এখন পরিস্কার।’

আরেক নির্বাচক হাসিবুল হোসেন শান্ত মনে করেন, দলে বেশ কিছু অলরাউন্ডার থাকায় বাংলাদেশ এগিয়ে থাকবে, ‘আমাদের প্রস্তুতিতে হয়তো কিছুটা ঘাটতি ছিল। তারপরও সেটা কাটিয়ে উঠেছি। সাকিব-রাকিবুলকে যুক্ত করার পর ভালো একটা কম্বিনেশন তৈরি হয়েছে। আমাদের দলে দারুণ কিছু অলরাউন্ডার আছে। বোলিং ইউনিট হিসেবেও তারা ভালো।’

টপ অর্ডার ব্যাটার প্রান্তিক নওরোজ নাবিল ও মেহরাব হোসেন আগের বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও কোনও ম্যাচ খেলা হয়নি। তাদের সঙ্গে নতুন করে যুক্ত করা হয়েছে যুব বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ দুই সদস্য বাঁহাতি স্পিনার রাকিবুল ও পেসার সাকিবকে। মূলত সেরা কম্বিনেশন তৈরি করতেই বিসিবি এমন সিদ্ধান্ত নিয়েছে।

গেম ডেভলপমেন্ট ম্যানেজার আবু এনাম মো. কাউসার বলেছেন, ‘টুর্নামেন্টে যেহেতু সুযোগ আছে তাদের খেলার, সেই সুযোগটা আমরা নিয়েছি। এখানে অভিজ্ঞতা একটা ব্যাপার, আমাদের যে কম্বিনেশন, তাতে খুবই তরুণ একটি দল।’

বাংলাদেশ যুব দলের বিশ্বকাপ অভিযানে নেতৃত্বভার রাকিবুলের কাঁধে। দলের অবস্থান নিয়ে তার বক্তব্য, ‘গতবারের মতো এবারও ভালো দল। এবার দলে অনেক অলরাউন্ডার আছে, যেটা গতবার আমাদের একটু ঘাটতি ছিল। তাও আমরা ভালো করেছিলাম। তো এবার আমাদের দলটা অনেক ভালো এবং ভারসাম্যপূর্ণ। আমাদের প্রসেসিং ও পরিকল্পনা মতো খেলা ও ছোট ভুলগুলো যদি কম করি তো অবশ্যই ভালো করবো।’

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের