বিপিএল শেষ হতেই মাঠে গড়াবে আফগানিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ। যার জন্য জাতীয় দলের নির্বাচকরা এখনও দল ঘোষণা করেননি। তবে এই কাজটির জন্য বিপিএলকে ‘পাখির চোখে’ রেখেছেন তারা।
ঢাকায় শেষ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ইমরুল কায়েস ৮১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন। ওই ইনিংসের পর সংবাদ মাধ্যম জানতে চেয়েছিল, ইমরুলকে আফগানিস্তান সিরিজে বিবেচনা করা হবে কিনা। জবাবে নির্বাচক আব্দুর রাজ্জাক স্পষ্টভাবেই বলে দিয়েছেন, ‘ইমরুল আপ টু দ্য মার্ক না।’
৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে জিতিয়েছেন ইমরুল। এই ওপেনার অপরাজিত ছিলেন ৮১ রানে। তাকে নিয়ে প্রশ্ন করতেই রবিবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাজ্জাক বলেছেন, ‘ইমরুলের কথা বললেন, ও গত ম্যাচটা ভালো খেলেছে; পারফরম্যান্স করছে এটা বললে ঠিক হবে না। ও কিন্তু অনেকদিন ভালো খেলেনি। ন্যাশনাল লিগ থেকে যদি চিন্তা করেন, তাহলে কিন্তু আপ টু দ্য মার্ক না। আমি ওকে দোষ দিচ্ছি না। কারণ, খেলোয়াড়দের ভালো সময়, খারাপ সময় থাকবেই। তবে গত ম্যাচে খুব ভালো খেলেছে।’
সর্বশেষ ম্যাচে ৮১ রানের ইনিংস ছাড়া ইমরুল বাকি চার ম্যাচে ভালো করতে পারেননি। সর্বোচ্চ ২৮ রান এসেছে ঢাকার বিপক্ষে। বাকি তিন ম্যাচে আউট হয়েছেন ১০, ১৫ ও ১ রান করে। এছাড়া জাতীয় লিগের গত আসরে ২ ম্যাচে চার ইনিংস ব্যাট করে ১৩৯ রান করেছেন। আর বিসিএলে ৩ ম্যাচে ৬ ইনিংসে তার ব্যাট থেকে আসে ১৫০ রান। দলে জায়গা করার জন্য এক-দুটি ম্যাচে ভালো নয়, করতে হবে ধারবাহিক পারফরম্যান্স-এমনটাই মনে করেন রাজ্জাক, ‘পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই আসলে দল করা হবে। যারা পারফর্ম করে না, তাদেরকে নিয়ে লাফালাফি করাও ঠিক না বলে মনে করি। যেহেতু টি-টোয়েন্টি টুর্নামেন্ট (বিপিএল) চলছে, ওইদিকে টি-টোয়েন্টি সিরিজ আছে। অবশ্যই দেখার বিষয়। খেয়াল রাখা হচ্ছে বাইরে থাকাদেরও। এটা আমাদেরও সুবিধা হয়েছে, তেমনি খেলোয়াড়দের জন্যও সুবিধা হয়েছে। পারফর্ম করে বা ওইরকম প্রমিনেন্ট (ধারাবাহিক পারফরম্যান্স) হয়, তাহলে অবশ্যই সুযোগ থাকবে।’
তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি খেলতে ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। পয়মন্ত ভেন্যুতে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। চট্টগ্রাম থেকে দুই দল টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে ঢাকায়। হোম অব ক্রিকেটে ৩ ও ৫ মার্চ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হবে ম্যাচ দুটো। ওয়ানডে সিরিজ শুরু হবে সকাল ১১ টায়। অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে বেলা তিনটায়।









