হুট করে ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স পদত্যাগ করায় জেমি সিডন্সকেই সাকিবদের নতুন কোচ করার কথা শোনা গেছে। জাতীয় দৈনিকে এর সত্যতা স্বীকার করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বিসিবি নতুন কোচের বিষয়টি আনুষ্ঠানিকভাবে না জানালেও নিজের কাজ দায়িত্ব নিয়েই শুরু করে দিয়েছেন জেমি সিডন্স। শুক্রবার জাতীয় দলের অনুশীলনের জার্সি গায়ে একাডেমির এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত ঘুরে দেখেছেন। খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন উইকেট। মিরপুরের ইনডোর, আউটডোরের পাশাপাশি একাডেমিও পরিদর্শন করেছেন। সঙ্গে ছিলেন বিসিবির কিউরেটর গামিনি ডি সিলভা ও গ্রাউন্ডস ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন। এ সময় গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ কমিটির ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন তাকে বিভিন্ন বিষয় বুঝিয়ে দিচ্ছিলেন।
বিপিএলের খেলা থাকায় জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে কাজ করার সুযোগ নেই সিডন্সের। তাই শিষ্যদের খেলা দেখতে নিয়মিত মাঠে আসছেন। সিলেটের ভেন্যুতেও গিয়েছিলেন সাকিব-তামিমদের নতুন এই ব্যাটিং কোচ।
গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ কমিটির ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন জানালেন, মিরপুরের সুযোগ-সুবিধা দেখে সিডন্স খুশি। সঙ্গে কিছু পরামর্শও দিয়েছেন। যেগুলো নিয়ে বিসিবি শিগগিরিই কাজ করবে। সৈয়দ আব্দুল বাতেন বলেছেন, ‘সিডন্স মিরপুরের ফ্যাসিলিটিজ ঘুরে দেখতে চেয়েছেন। এর আগে মাঠে আসলেও ফ্যাসিলিটিজ দেখেননি। ১১ বছর পর আবার একাডেমির, ইনডোরের উইকেট দেখলেন। তাকে আমরা ফ্রি করে দিয়েছি। নিজের মতো করেই দেখেছেন। উইকেট বেড়েছে, সুযোগ সুবিধা বেড়েছে দেখে প্রশংসা করলেন। ইনডোরের টার্ফ চেঞ্জ করা হয়েছে, সেটাও দেখেছেন। সব মিলিয়ে তাকে খুশি মনে হলো’








