তরুণ দুই ক্রিকেটারের হাতে বাংলাদেশের দুর্দান্ত এক জয়। অভিজ্ঞ ক্রিকেটারদের ভূমিকা ছাড়া এমন জয়ের অভিজ্ঞতা বাংলাদেশ দলের জন্য বিরল! আজ (বুধবার) চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়ামে অলৌকিক এক জয় উপহার দিলেন আফিফ-মিরাজ জুটি। অসম্ভবকে সম্ভব করে দেওয়া দলের জুনিয়র ক্রিকেটারকে প্রশংসায় ভাসাচ্ছে পুরো বাংলাদেশ। তবে খুশিতে আত্মহারা অধিনায়ক তামিম দুই জুনিয়রের ইনিংসের বর্ণনাতে কোনও শব্দ খুঁজে পাচ্ছেন না!
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২১৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৪৫ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। এমন অবস্থায় ম্যাচ জয় তো দূরে থাক, ১০০ রান পেরোনো কঠিন। কিন্তু এই অসম্ভবকে সম্ভব করতে ১৭৪ রানের জুটি গড়েছেন আফিফ ও মিরাজ। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ৪ উইকেটে জয়ের পর তরুণদের নিয়ে অধিনায়ক তামিম বলেছেন, ‘সত্যি বলতে আমি খুবই খুশি। শুধু মাত্র দল জিতেছে বলেই খুশি নই। যেভাবে দুই তরুণ ক্রিকেটার খেলেছে, অবিশ্বাস্য। আমার কোনও শব্দ নেই তাদের ইনিংসের বর্ণনা করার। খুবই খুশি এবং গর্ব করছি।’
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে তিন স্পিনত্রয়ী রশিদ খান-মুজিব উর রহমান-মোহাম্মদ নবীকে নিয়ে বিস্তর আলোচনা হয়। বাংলাদেশের টপ অর্ডার ওদের বিপক্ষে ব্যর্থ হলেও তরুণ দুই ক্রিকেটার আফিফ-মিরাজ অবলীলায় খেলেছেন। দুই তরুণের প্রশংসা করতে গিয়ে তামিম বলেছেন, ‘সহজ ছিল না ওদের বিপক্ষে ব্যাটিং করা (রশিদ-নবী-মুজিব)। আমি সবসময়ই বলেছি তারা দারুণ বোলিং অ্যাটাক আছে। বিশেষ করে, তাদের স্পিন অ্যাটাক। কিন্তু তাদেরকে যেভাবে হ্যান্ডেল করেছে দেখে অসাধারণ লেগেছে।’
তামিম আশা করেছেন, ভবিষ্যতে আফিফ-মিরাজ এভাবে খেলে যাবে, ‘আমি হৃদয় থেকে প্রার্থনা করছি এটাই তাদের শেষ নয়, এখান থেকেই তাদের যাত্রা শুরু হলো। বাংলাদেশের আরও ম্যাচ জেতাতে হবে। খুব খুশি তাদের নিয়ে।’







